স্বাধীনতা কি শুধুই রাজনৈতিক পরিবর্তনের নাম? নাকি এটি এক জনগোষ্ঠীর আত্মিক ও সামাজিক মুক্তির প্রকৃত প্রতিচ্ছবি?
প্রতিশোধ কি শুধুই ব্যক্তিগত ক্রোধের বহিঃপ্রকাশ? নাকি এটি অন্যায়ের বিরুদ্ধে এক অন্তর্দাহ?
আর সাধারণ জনগণ—তারা কি কেবল সময়ের নীরব সাক্ষী, নাকি অপেক্ষার দীর্ঘশ্বাস?
আমরা কি শুধুই ইতিহাসের পুনরাবৃত্তি দেখবো, নাকি সত্যিকার পরিবর্তনের সূচনা ঘটবে?
রাজতন্ত্রের বিলুপ্তির পর যেখানে গনতন্ত্র প্রতিষ্টিত হয়েছে সেখানে
শাসনব্যবস্থা বারবার পরিবর্তিত হয়, কিন্তু সাধারণ মানুষ কি আদৌ মুক্তি পায়?
এক দল ক্ষমতায় আসে, প্রতিশ্রুতি দেয়, অন্য দল বিদ্রোহ করে, তারপর আবার নতুন শক্তির উত্থান ঘটে—এই চক্রাবর্তে মানুষের মৌলিক চাহিদা হারিয়ে যায়।
অতি উচ্চাভিলাষ নয়, বরং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাকরির সংকট, সহজ চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, নিরাপত্তাহীনতা—এগুলো থেকে মুক্তির আশায় মানুষ অপেক্ষায় থাকে। প্রতিশোধের আগুন জ্বলে অন্তরে।
ইতিহাস আমাদের বলে, সমাজের কাঠামো পরিবর্তিত না হলে রাজনৈতিক পরিবর্তনও শুধুই মুখোশ বদলের সমান। ফরাসি বিপ্লবে রাজার পতন হলেও সাম্রাজ্যবাদ ফিরে এসেছে। বলশেভিক বিপ্লব সাম্য আনলেও দুর্নীতি থামেনি।
বাংলাদেশেও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে সামরিক শাসনের পতন—সবই এক চক্রের মধ্যে ঘুরছে। কিন্তু প্রতিবার নতুন নেতৃত্ব এলেও মানুষের মৌলিক জীবনযাত্রায় কি সত্যিকারের স্থিতিশীলতা এসেছে?
শাসকের পরিবর্তনে যারা রাস্তায় নামে, আন্দোলনে যোগ দেয়, তারা কি সত্যিই পরিবর্তনের ধারক, নাকি তারা শুধুই চক্রের অংশ?
দিনমজুর, শিক্ষক, ব্যবসায়ী, ছাত্র—সবাই একসময় অপেক্ষায় থাকে। একটি ডাকের জন্য, একটি আন্দোলনের জন্য, একটি অভ্যুত্থানের জন্য।
কিন্তু তাদের প্রত্যাশা রাজপথে রক্ত ঢেলে ইতিহাস লেখা নয়, বরং তারা চায়—
দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত হোক , ন্যায্য চাকরি আসুক
নিরাপত্তা নিশ্চিত হোক, মৌলিক চাহিদা মেটানোর জন্য যথেষ্ট আয় থাকুক ।
কিন্তু আন্দোলন শেষে, পরিবর্তনের রূপ কি সত্যিই আশাব্যঞ্জক? নতুন নেতা, নতুন শাসনব্যবস্থা, নতুন রাজনৈতিক দর্শন—তবুও জনগণ আবারও অপেক্ষায় থাকে।
প্রত্যেক পরিবর্তনের সূচনা ছাত্রদের হাত ধরে। সাধারণ ছাত্রদের মাঝেই নতুন দিনের স্বপ্ন জাগে। তারা যখন অব্যবস্থাকে গুছিয়ে পথ তৈরি করে, তখনই বিজয়ের ভিত্তি স্থাপিত হয়।
কিন্তু বিজয়ের পর? সেই নেতৃত্বের স্বপ্ন রূপ নেয় ক্ষমতার লোভে।
আন্দোলনে জীবন দেওয়া ছাত্রজনতা,একসময় উপেক্ষিত হয়ে পড়ে।
সবাই তো আর পদ-পদবি পায় না। ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকে অর্থ, প্রাচুর্য, এবং কখনো কখনো নীতিহীনতা।
সমাজের প্রতিটি স্তরে সাংবাদিক,পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, প্রান্তিক জনপদ থেকে শহর শাসন্যন্ত্রের আওয়তায় এসে যায়, স্বার্থের ফাঁদে আটকে যায়। লেজুড়বৃত্তি করে।অন্যাকে প্রশ্রয় দেয়।অন্যায়ের সঙ্গী হয়।
সদ্য সমাপ্ত আন্দোলনের যারা নেতা বলে পরিচিত, তারাই লোভী হয়ে ওঠে। আর সাধারণ জনগণ? হতবিহ্বল, তারা শুধুই দর্শক। আসলে তারা কোনো দলের রঙ চেনে না, তারা শুধু শান্তি চায়। কিন্তু শেষ পর্যন্ত তারাই হয় পরীক্ষার গিনিপিগ।
সমাজের এই চক্র বারবার ঘুরে আসে। নতুন শাসক আসে, পুরোনো শাসক চলে যায়। কিন্তু মানুষের মৌলিক সমস্যাগুলো থেকেই যায়।
তাহলে প্রশ্ন একটাই—
???? পরিবর্তন কি শুধুই শাসকের পরিবর্তন?
???? নাকি প্রকৃত মুক্তি আসতে গেলে সমাজের কাঠামো ভাঙতে হবে?
???? আমরা কি সত্যিকার অর্থে স্বাধীন হবো, নাকি চিরকাল দর্শক হয়েই থাকবো?