অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে এক ছাতার নিচে এলেন সবাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে বিদ্রোহী ১৮ নারী ফুটবলারও চুক্তি করেছেন। শুধু চুক্তিই নয়, বাড়ানো হয়েছে বেতনও।
সাবিনা, সানজিদা, মনিকারা শুরুতে বাফুফের সঙ্গে থাকা ৩৫ জন খেলোয়াড়ের তালিকায় ছিলেন না। তবে সব তিক্ততা ভুলে এবার তারা আবারও দলে ফিরলেন। এ নিয়ে এখন বাফুফের সঙ্গে নারী ফুটবলারদের চুক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে।
নারী ফুটবল দলের দায়িত্বপ্রাপ্ত বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ জানান, “বাকি ১৮ জন খেলোয়াড় ছয় মাসের জন্য চুক্তি করেছেন। তাদের চুক্তির মেয়াদ আজ থেকেই কার্যকর।”
বেতন কাঠামোতেও এসেছে পরিবর্তন। তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ফুটবলারদের। সিনিয়ররা প্রতি মাসে ৫৫ হাজার টাকা করে পাবেন, যা আগের চেয়ে ৫ হাজার টাকা বেশি। জুনিয়রদের বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে জাতীয় দলের প্রধান কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অনুশীলনে না গিয়ে প্রতিবাদ করেন ১৮ জন নারী ফুটবলার। এরপর ফেডারেশন শুধুমাত্র ৩৫ জন ফুটবলারের সঙ্গে চুক্তি করেছিল। তবে ধীরে ধীরে বরফ গলে, মাঠে ফেরার পথ তৈরি হলো।
এদিকে সামনে রয়েছে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। আগামী ৩১ মে বাংলাদেশ খেলবে জর্ডানের বিপক্ষে এবং ৩ জুন মাঠে নামবে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে। এরই মধ্যে ভুটানে খেলতে যাওয়া ১০ জনের মধ্যে মনিকা, মারিয়া, রুপনা, শামসুন্নাহার ও ঋতুপর্ণা-এই পাঁচজনকে জাতীয় দলে ডেকেছেন কোচ পিটার বাটলার।
সব ঠিক থাকলে তারা খুব শিগগিরই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।
একদা যাদের মধ্যে ছিল দুরত্ব, এবার সবাই একই গোলপোস্টের দিকে তাকিয়ে। এখন শুধু অপেক্ষা মাঠের লড়াইয়ের।