স ঙ্গী তা ক র

  • রবিঠাকুরের বউ
  • ২০২৫-০৫-০৭ ১৯:১১:৫৫
image

বামীর মতোই ছোট্ট ছিলাম 
বয়স তখন নয় 
সাহস ছিলো বুকে পোষা 
আঁধার করতে জয়।
 
জীবন সাথী খুঁজতে সেদিন 
জোড়াসাঁকোয় এসে 
দেখি, বাইশ বছরের তরুণযুবক 
তাকালো মিষ্টি হেসে।
 
আলোর মতো শরীর তাঁর 
জোৎস্না মাখা চোখ
মনে মনে চেয়েছিলাম 
ইনিই,আমার হোক।

চারটে হাত এক হলো 
সবার আশিষ নিয়ে
অমূল্য এক সম্পদ যেন 
বিধাতা দিলেন দিয়ে।

খেলার ছলে খুনসুটিতে 
গোপন বুকে জ্বর 
বুঝিনি তখন উঠতে পারে 
যখন তখন ঝড়।

নতুন দিদি চলে গেলেন 
পৃথিবী ছেড়ে ভিন্নলোকে 
গভীর রাতে ছাদ ভিজলো 
বাইশ বছরের দু'খে। 

কিসের দুঃখ? কেন দুঃখ 
আমার কোথায় স্থান? 
এসব প্রশ্নের পাইনি উত্তর 
দেননি সঠিক মান।

লেখা পড়া শিখতে শিখতে 
বড়ো হয়ে শেষে 
বুঝলাম, তাঁর হৃদয় জুড়ে 
বৌঠান, ধ্রুবতারার বেশে।

আহত হলো ভালোবাসা 
ফল্গু হলো আঁখি
ব্যথা ঢেকে হাসি মুখে 
নিজেকে দিলাম ফাঁকি।

শিলাইদহে গেলেন কবি 
ব্যস্ত থাকতে কাজে 
আমি তখন একলা একলা 
সময় বড্ড বাজে।

বলিনি তবু একটি বারও 
এ কেমন খেলা? 
সংসারের শিকল ছিঁড়ে 
ভাসিয়ে দিয়ে ভেলা?

লিখেছিলেন অনেক চিঠি 
মোট সাঁইত্রিশটা হবে 
প্রত্যুত্তর দিয়েছি মাত্র দুটি'র
অভিমানি প্রেম স্বভাবে। 

ঊনিশ বছরের দাম্পত্য আমাদের
পাঁচ, পাঁচটি সন্তান 
আমার জীবনে এটাই বুঝি
ওঁনার শ্রেষ্ঠতম দান।

দূরদর্শিতা আমারও ছিলো 
তাই দিয়েছি ছেড়ে 
ঘরকন্না সামলেছি সব
নিজের মতো করে। 

উনি তখন ডুবেই ছিলেন 
সাহিত্য সাগর তলে 
বাঙালি পেয়েছে মণি, মুক্তা
ওনার কর্মফলে।

খ্যাতি ছুঁয়ে উনি একদিন 
জ্বালিয়ে দিলেন আলো 
শেষে দেখি আমার চারদিক 
ভীষণ রকম কালো।

অসময়ে এক অসুখ এসে 
বাসা বাঁধলো বুকে 
সময় তখন হয়ে গেছে
হারাতে অচিন লোকে।

শেষের দেখা দেখতে এলেন 
কবি, খাটের ধারে 
কানের কাছে শুধিয়েছিলেন, লেখাগুলো
আছে কি নিজের ঘরে?

হাসলো হৃদয়, বললো ঠোঁট
আমার কিসের লেখা? 
অনেক ভাগ্যে পেয়েছি, এমন 
শ্রেষ্ঠ সাহিত্যিকের দেখা।
 
সেইতো আমার পরম পাওয়া 
অনেক যার দাম 
রবি ঠাকুরের বউ আমি 
জগৎ জানবে নাম।