সা ল মা সি দ্দি কা

  • আপন দিনযাপন
  • ২০২৩-০৮-১১ ০১:১৭:২৪
image

ভালো লাগে না এখন আর 
নিজের ভেতরের আমিটাকে বাইরে আনতে
ভালোই তো আছে সে অভিযোগ অভিমান পাশ কাটিয়ে।

ভালো লাগে না এখন আর 
খোশগল্পে আড্ডায় অংশ নিতে
ভালো ই কাটছে সময়  নিজের সাথে একান্ত আপন দিন যাপনে।

ভালো লাগে না এখন আর 
ফেইসবুকের পৃষ্ঠায় চোখ বুলাতে 
কিংবা মেসেঞ্জারে হাই হ্যালো তে সময় দিতে 
 ভালো ই কাটছে সময় প্রিয় বইয়ের সাথে, মধুর পবিত্র বাণী শুনে।

ভালো লাগে না এখন আর
 শপিং মলে ঘুরে ঘুরে সময় ভুলে যেতে 
কিংবা কফি শপে সময় কাটাতে,
ভালো ই তো কাটছে সে সময়টা আমার ছোট্ট বারান্দায় মাধবী,
মালতীদের সাথে আয়েশে চা খেয়ে সন্ধ্যা যাপনে।

ভালো লাগে না এখন আর 
আপনজনদের সব কল রিসিভ করতে
পড়ে থাকলো না হয় কিছু কল মিসকলের লিস্টে,
 কিছুটা দূরত্বে থেকে -
খুব বেশি ক্ষতি তো হচ্ছে না কারো,
 কিংবা আমারও ।

ভালো লাগে না এখন আর
 নিজের খেয়ে বনের মোষ তাড়াতে, 
কিংবা পরচর্চা, লৌকিকতার ইঁদুর দৌড়ে সামিল হতে,
এখন নিজের মতো নিজেকে সময় দিতে ভালো লাগে বেশ ।