সিঙ্গাপুরের আকাশে আবারও বিজয়ের বজ্রধ্বনি তুলল পিপল’স অ্যাকশন পার্টি (পিএপি)। ৯৭ আসনের মধ্যে ৮৭টি দখলে রেখে শনিবারের জাতীয় নির্বাচনে একচেটিয়া জয় পেল দলটি। তবে এই বিজয় ছিল কেবলই ভোটের খাতা পূর্ণ করার উৎসব নয়—বরং এটি ছিল নতুন প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের রাজনৈতিক পরিণতপরীক্ষা, ঐতিহ্যের ভার, এবং ভবিষ্যতের দিকনির্দেশনা নির্ধারণের এক গুরুত্বপূর্ণ ক্ষণ।
৬৫ শতাংশের বেশি ভোট পেয়ে আবারো প্রমাণ হলো-সিঙ্গাপুরের জনগণ স্থিতিশীলতা চায়, এবং পিএপি এখনও সেই আস্থার প্রতীক। কিন্তু জয়ের এই গল্পের আড়ালে দানা বাঁধছে কিছু অদৃশ্য প্রশ্ন-যা হয়তো ভবিষ্যতের সিঙ্গাপুরের রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে।
প্রতীকী জয়,বাস্তব চ্যালেঞ্জ
লরেন্স ওংয়ের জন্য এটি ছিল প্রথম নির্বাচন, কিন্তু পরিস্থিতি ছিল বহুমাত্রিক। যুক্তরাষ্ট্রের ট্রাম্প-ঘোষিত শুল্কনীতির উত্তাপে বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা, করোনার পরবর্তী পুনর্গঠনের চাপ, এবং দেশের অভ্যন্তরে রাজনৈতিক বিতর্ক-সব মিলিয়ে এটি ছিল তার কৌশলগত অগ্নিপরীক্ষা।
তিনি শুধু জয় পাননি, বরং প্রমাণ করেছেন-নতুন নেতৃত্ব পিএপির ‘লি কুয়ান ইউ’-ভিত্তিক ব্র্যান্ডকে টিকিয়ে রাখতে পারে। ওং বলেন, “এই ফলাফল সিঙ্গাপুরকে অস্থির পৃথিবীর মাঝে স্থিতিশীল পথে রাখবে।” কথায় আভাস মিলেছে-তিনি কেবল প্রধানমন্ত্রীই নন, পিএপির ভবিষ্যতের ভাবনাও।
কিন্তু ছায়া ফেলে দিয়েছে ঐতিহ্য ও বিতর্ক
এই নির্বাচনের পটভূমিতে ছিল এক ধোঁয়াশার অধ্যায়-লি পরিবারের দুই ভাইয়ের দ্বন্দ্ব। সাবেক প্রধানমন্ত্রী লি সিয়েন লুং এবং তার ভাই লি সিয়েন ইয়াংয়ের মধ্যে ঐতিহাসিক পারিবারিক বাসভবন ধ্বংসের প্রশ্নে বিতর্ক সিঙ্গাপুরবাসীর সামনে গভীর নৈতিক প্রশ্ন ছুঁড়ে দেয়। কে ধরছে ঐতিহ্যের আসল ব্যাটন? কীভাবে এক সময়ের শাসক পরিবার আজ পরস্পরের বিপরীতে দাঁড়িয়ে?
তার ওপর আছে দুর্নীতির ছায়া-পরিবহনমন্ত্রী ইসওয়ারানকে কারাবরণ, সংসদের স্পিকার ও এক এমপির পদত্যাগ। একটি পারফেক্ট সিস্টেমে এই চিড়গুলো কী ভবিষ্যতের ভূমিকম্পের পূর্বাভাস?
তরুণরা কি চাচ্ছে অন্যকিছু?
যদিও বিরোধী দল ওয়ার্কার্স পার্টি (ডব্লিউপি) আগের আসনসংখ্যা ধরে রাখতে ব্যর্থ হয়েছে, তবে তারা ২০২০ সালের মতো এবারও তরুণদের মাঝে একটা আলোড়ন তুলতে পেরেছে। বড় বড় জনসভা, নতুন মুখ, তারকা আইনজীবীর মতো ক্যারিশম্যাটিক প্রার্থী-সবই যেন এক ভবিষ্যতের পূর্বাভাস।
১৮ বছর বয়সী ভোটার আরহামের মত অনেকে এখনও বলছে, “পিএপি মানেই স্থিরতা।” কিন্তু অন্য এক তরুণ সোফিয়া বলেন, “স্থিরতা ভালো, কিন্তু বিকল্প থাকা চাই। সবসময় একপক্ষ মানে ভবিষ্যৎ ঝুঁকিতে পড়তে পারে।”
জয়ের মাঝে ভবিষ্যতের হিসাব
সিঙ্গাপুরে পিএপি-র একচেটিয়া শাসন নতুন কিছু নয়। স্বাধীনতার পর থেকেই দলটি ক্ষমতায়। কিন্তু প্রশ্ন হচ্ছে-এই শক্তি কতটা জবাবদিহির, কতটা অন্তর্ভুক্তিমূলক?
নির্বাচনে পিএপি বিজয় পেয়েছে, কিন্তু সাথে করে এনেছে আরও কিছু-আত্মবিশ্বাস, প্রশ্ন, প্রতিযোগিতা ও ভবিষ্যতের দায়। লরেন্স ওংকে এখন শুধু অর্থনীতিই নয়, উত্তরাধিকার, নৈতিকতা ও প্রজন্মান্তরের আশা-সব কিছুর ভার একসাথে টানতে হবে।
এক কথায়, এই নির্বাচন যেন ছিল শুধু ক্ষমতা রক্ষার নয়, বরং বিশ্বাস রক্ষার যুদ্ধ। পিএপি সেই যুদ্ধে জিতেছে-কিন্তু প্রশ্ন হলো, আগামীতে তারা মানুষের মন জিততে পারবে তো?