শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চাইলেন মাহমুদুর রহমান

  • স্টাফ রিপোর্টার,
  • ২০২৫-০৫-০৩ ১৪:৫৪:২৬
image

ঢাকা | ৩ মে ২০২৫
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার বিচার চেয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘গণহত্যা’র মামলা করার আহ্বান জানিয়েছেন সাংবাদিক মাহমুদুর রহমান।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি জানান দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
তিনি বলেন, “শাপলা চত্বরে যারা নিহত হয়েছেন, তারা আমাদের শহীদ। তাদের হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা দায়ী। আমি অবাক হই, এতদিনেও কেন তার বিরুদ্ধে মামলা হয়নি।”

একই সঙ্গে মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান
মাহমুদুর রহমান তার বক্তব্যে গাজা ও কাশ্মীরের পরিস্থিতিরও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “আমাদের আসল শত্রু ফ্যাসিবাদ এবং সাম্রাজ্যবাদ। ভারতের আগ্রাসন ও মুসলিম নিপীড়নের বিরুদ্ধে আমাদের আন্দোলন জোরদার করতে হবে।”
তিনি বলেন, “নারীবাদ ও নারী কমিশনের মতো ইস্যু তুলে মূল আন্দোলনকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা হচ্ছে। সরকারে যারা আছেন, তাদের দায়িত্ব ছিল ফ্যাসিবাদের স্থায়ী সমাধান করা, অপ্রয়োজনীয় সংস্কার নয়।”

সরকারকে সতর্ক বার্তা
ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের উদ্দেশে তিনি বলেন, “আপনারা জনগণের ম্যান্ডেটকে ভুলভাবে ব্যবহার করছেন। অপ্রয়োজনীয় কমিশন গঠন করে সময় নষ্ট করছেন। এসব কমিশন বাতিল করে মূল লক্ষ্যে ফিরে আসুন।”

আলেমদের প্রতি একতা রক্ষার আহ্বান
বক্তব্যের শেষদিকে তিনি আলেম-ওলামাদের উদ্দেশে বলেন, “আসুন আমরা ঐক্যবদ্ধ হই। নারীবাদ বা অন্য বিষয় নিয়ে মতভেদ থাকতেই পারে, তবে তা যেন বৃহত্তর ইসলামী আন্দোলনকে দুর্বল না করে।”
হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় নেতারা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।