চাঁপাইনবাবগঞ্জে মৌসুমের প্রথম শিলাাবৃষ্টি,আম ও ধানের ক্ষতির শংকা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-০২ ১১:৫৬:৩৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার (১মে) দুপুর থেকে বিকালের মধ্যে জেলার পাঁচ উপজেলার মধ্যে চারটি  উপজেলা সদর,শিবগঞ্জ,গোমস্তাপুর ও নাচোলে ঝড়ো হাওয়াসহ স্থানভেদে ঘন্টাব্যাপী পর্যন্ত  হালকা থেকে ভারী বৃষ্টিপাত হয়। অঞ্চল ভেদে কোথাও একটানা আবার কোথাও  কয়েক দফায় বৃষ্টি হয়। এর মধ্যে সদর,গোমস্তাপুর ও নাচোলের কিছু স্থানে  হালকা,কিছু স্থানে মাঝারি পরিমান এবং কিছু স্থানে অতিঘন শিলাবৃষ্টি হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র এবং কৃষি বিভাগ। স্থান ভেদে ৩-৫ মিনিট থেকে ১৫-২০ মিনিট পর্যন্ত কোথাাও একবার আবার কোথাও  কয়েক দফায় শিলাবৃষ্টি হয়। এতে আর মাসখানেক পর বাজারে নামার অপেক্ষায় থাকা আম এবং কোথাও  জমিতে রাখা কাটা ধান আবার কোথাও  কাটার অপেক্ষায় জমির পাকা ধানের ক্ষতির আশংকা করছেন কৃষকরা এবং কৃষি বিভাগ।  খরার পর ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টিতে আম কিছু ঝরে গেছে। ধানও কিছু ঝরে গেছে। কিছু ধান গাছ  হেলে গেছে। আবার শিলাবৃষ্টিহীন শুধু বৃষ্টি হয়েছে যে সব স্থানে সেসব স্থানের আম ও ধান  দুই ফসলেরই লাভ হবে।  
শিলাবৃষ্টি হওয়া আম ও ধানের জন্য একটি ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে বলে পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। তারা বলছে,জেলায় চলতি মৌসুমে জেলায় ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম এবং ৪৭ হাজার ৭৩০ হেক্টর জমিতে ইরি ধান চাষ হয়েছে। এর মধ্যে ৪ শতাংশ অর্থাৎ ২ হাজার ৫০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। ধান কাটার কাজ চলছে।
জেলা কৃষি বিভাগ সূত্র জানায়,সদরে ৪৫,শিবগঞ্জে ১০,গোমস্তাপুরে ৫ এবং নাচোলে ৩৮ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভোলাহাট উপজেলায় রেকর্ড করার মত বৃষ্টি হয় নি। জেলায় গড়ে ১৯.৬ মিমি বৃষ্টিপাত হয়েছে। যা চলতি মৌসুমে সর্বোচ্চ। এর আগে টানা  খরার পর গত ১১ এপ্রিল জেলায় গড়ে ১৫ মিমি বৃষ্টিপাত হয়। মৌসুমে টানা ক্ষরার পর এই বৃষ্টি স্বস্তি ও ফসলের জন্য উপকারের বলছে কৃষি বিভাগ এবং কৃষকরা।
নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম বলেন, নাচোল পৌর এবং আশপাশের এলাকা,নেজামপুর ইউনিয়নের কৃষ্টপুর,জগদইল এসব এলাকায় বেশি শিল পড়েছে। প্রাথমিক হিসেবে ১৫০ হেক্টর জমির আম ৫-১০ শতাংশ এবং ১০০ হেক্টর জমির ধানের ৫ শতাংশ ক্ষতি হতে পারে।  বরে›ন্দ্র এলাকা নাচোলের পূর্ণ ক্ষতির হিসাব চলছে।
গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন,  উপজেলার  রুক্ষ বরেন্দ্র এলাকা পাবর্তীপূর ইউনিয়নের জিনারপুর,দেওপুরা,দীঘা,ভাটখইল,খড়পাগ্রাম,মাগুরশহর,বড়দাদপুরএলাকায় বেশী শিল পড়েছে।  প্রাথমিক হিসাবে ৩০-৪০ শতাংশ পর্যন্ত ক্ষতি হয়েছে ২৫ হেক্টর জমির ‘জিরা’ প্রজাতির ধানের। ২৬ হেক্টর জমির আম বাগানের ২০ শতাংশ পর্যন্ত আম ঝরে ফেটে গেছে। শিলে আঘাতপ্রাপ্ত আম  কয়েকদিনে দাগ ধরে ঝরে যাবে। বৃষ্টিতে ্উপকার হবে আউশের বীজতলার। মাটি কাদা হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. ইয়াছিন আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা ও  সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কিছু এলাকায় হালকা কয়েক মিনিটের শিলাবৃষ্টি হয়েছে। বেশী ক্ষতিগ্রস্থ নাচোল ও গোমস্তাপুরের কিছু অঞ্চল। কি পরিমান ফসল ‘আক্রান্ত’ হয়েছে তা হিসাবের কাজ চলছে। পুরো ক্ষতি জানতে আরও ২/৩দিন লাগবে। তবে শিলাবৃষ্টি ছাড়া যে সব এলাকায়  শুধু বৃষ্টি হয়েছে সেসব এলাকার আমের জন্য উপকার হবে। আম ঝরা বন্ধ হবে। আমের আকৃতি বাড়বে।
আমচাষী সদর উপজেলার রামকৃষ্টপুর গ্রামের মন্টু মিয়া(৬৫) এবং বিদিরপুর গ্রামের মো: বিষু(৬০) বলেন, যে সকল এলাকায় শিল বেশী হয়েছে সেসব এলাকায় বেশি ক্ষতি হবে। তবে বৃষ্টিতে উপকরাও হবে। গহিলবাড়ি গ্রামের ধানচাষী আব্দুল মান্নান(৫৬) বলেন, যে সব এলাকায় ভারী শিল হয়েছে সেসব এলাকার পাকা ধান ঝরে যাবে।