পাকিস্তানের পাশে চীন,সংলাপেই সমাধান চায় বেইজিং

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৫-০১ ১৫:০০:২৯
image

কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন। একইসঙ্গে দেশটি বলেছে, সব ধরনের বিরোধ শান্তিপূর্ণ সংলাপ ও কূটনৈতিকভাবে সমাধান হওয়া উচিত।
বৃহস্পতিবার (১ মে) লাহোরে পিপিপি নেতা আহমাদ জাওয়াদ রানার বাসভবনে আয়োজিত এক বৈঠকে এ মন্তব্য করেন লাহোরে নিযুক্ত চীনের কনসাল জেনারেল ঝাও শিরেন। তিনি বলেন, চীন সব সময় পাকিস্তানের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধ নয়, শান্তিই একমাত্র পথ।
চীনা কনসাল জানান, দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং এটি কৌশলগত সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তার ভিত্তিতে প্রতিষ্ঠিত। বৈঠকে চীন-পাকিস্তান সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানকে উন্নত সামরিক সহায়তা দিয়েছে চীন। ইতোমধ্যে দেশটি পাকিস্তানকে পিএল-১৫ ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে, যা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। বিষয়টি নিয়ে উদ্বেগে রয়েছে ভারত।
চীনের এই অবস্থানকে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। চীন যেমন পাকিস্তানের কৌশলগত মিত্র হিসেবে কাজ করছে, তেমনি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সংলাপ ও সমঝোতার ওপর জোর দিচ্ছে।