আনোয়ারায় পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু,আহত ২

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৫-০১ ১৪:১০:৩৮
image

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কেইপিজেড (কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল) এলাকায় পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু। বৃহস্পতিবার (১ মে) সকালে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বৈরাগ ইউনিয়নের বৈরাগ গ্রামের আব্দুর রহিমের ছেলে রোহান (১২) ও ইমরান হোসেনের ছেলে মিসবাহ (১১)। আহতরা হলেন মোস্তাক মিয়ার ছেলে সিয়াম (১১) এবং আবুল কাশেমের ছেলে সিফাত (১১)।
আহতদের প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কেইপিজেড এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কাটার কারণে পাহাড়টি দুর্বল হয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে কয়েক শিশু পাহাড়ের পাশে খেলা করছিল। এ সময় হঠাৎ ধস নামলে চার শিশু চাপা পড়ে। ঘটনাস্থলেই রোহান ও মিসবাহ মারা যায়।
আহতদের চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসে এবং দ্রুত হাসপাতালে পাঠায়।
কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বলেন, শিশুদের খেলার সময় পাহাড়ে ধস নামে। এতে দুই শিশুর মৃত্যু হয় এবং দুইজন আহত হয়।