প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএনসিসির উদ্যোগ,স্ট্যান্ডার্ড ই-রিকশার বার্তা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৪-৩০ ০১:০২:৩৭
image

ঢাকার প্রধান সড়কগুলোকে যানজটমুক্ত রাখতে এবং নগর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। প্রতিষ্ঠানটির প্রশাসক মোহাম্মদ এজাজ ঘোষণা দিয়েছেন, রাজধানীর প্রধান রাস্তাগুলোতে অননুমোদিত ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা আর চলাচল করতে পারবে না।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীতে অনুষ্ঠিত একটি সমন্বয় সভায় তিনি এই কথা বলেন। সভায় স্ট্যান্ডার্ড মডেলের ই-রিকশা ও তার প্রোটোটাইপ তৈরির বিষয়ে আলোচনার পাশাপাশি ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা হয়।
প্রশাসক এজাজ বলেন, "মূল সড়কে বিশৃঙ্খলা ও যানজট তৈরি করছে অপ্রমাণিত ব্যাটারিচালিত রিকশা। তাই এগুলোকে প্রধান সড়ক থেকে সরিয়ে ফেলতে হবে। তবে শহরের অভ্যন্তরীণ ও গলির রাস্তায় শুধুমাত্র অনুমোদিত, নির্দিষ্ট মানসম্পন্ন ই-রিকশাই চলতে পারবে।"
তিনি আরও জানান, শিগগিরই একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে, যারা ই-রিকশার মান নির্ধারণ, নীতিমালা প্রণয়ন এবং রেজিস্ট্রেশন পদ্ধতি চূড়ান্ত করবে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো রাজধানীতে চলাচলকারী ব্যাটারিচালিত যানবাহনকে এক মানে আনা এবং অব্যবস্থাপনা রোধ করা।
সভায় বুয়েটের বিইপিআরসি-এর ইজিবাইক প্রকল্পের আওতায় প্রস্তাবিত স্ট্যান্ডার্ড মডেলের তিন চাকার ই-রিকশার টাইপ-অনুমোদন ও রেজিস্ট্রেশন সংক্রান্ত আলোচনা হয়। এছাড়া প্রোটোটাইপ তৈরি করার জন্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে দ্রুত কাজ শুরু করার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাসুদ, এবং ই-রিকশা প্রস্তুতকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বিশেষজ্ঞরা মনে করছেন, ঢাকায় ই-রিকশার মান নিয়ন্ত্রণ ও সুনির্দিষ্ট নীতিমালা চালু হলে নগরীর ট্রাফিক ব্যবস্থায় অনেকটাই শৃঙ্খলা ফিরে আসবে। একইসঙ্গে পরিবেশবান্ধব স্বল্পগতির বাহন হিসেবে অনুমোদিত ই-রিকশা নগরবাসীর জন্য কার্যকর বিকল্প হয়ে উঠবে।