বাংলাদেশে মহাকাশ নির্ভর ইন্টারনেট সংযোগ সেবার নতুন যুগের সূচনা হলো। ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড আনুষ্ঠানিকভাবে সরকার থেকে ইন্টারনেট সরবরাহের অনুমোদন পেয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্টারলিংকের হাতে দুটি গুরুত্বপূর্ণ লাইসেন্স তুলে দেয়-যার মাধ্যমে তারা দেশের ভৌগোলিক সীমায় নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট (NGSO) ভিত্তিক ইন্টারনেট সেবা চালু করতে পারবে।
অনুষ্ঠানে বিটিআরসির পক্ষ থেকে প্রথম লাইসেন্সটি-‘ননজিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স’-হস্তান্তর করেন লাইসেন্সিং বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মো. তৌফিকুল ইসলাম। লাইসেন্সটি গ্রহণ করেন স্টারলিংকের গ্লোবাল লাইসেন্সিং অ্যান্ড মার্কেট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক রেবেকা স্লিক হান্টার।
এরপর স্পেকট্রাম বিভাগের পক্ষ থেকে ‘রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স’ প্রদান করা হয়, যা স্টারলিংককে প্রয়োজনীয় তরঙ্গ ব্যবহার, বেতার প্রযুক্তি আমদানি ও ব্যবহার করার সুযোগ দেবে। এটি হস্তান্তর করেন স্পেকট্রাম বিভাগের পরিচালক ড. মো. সোহেল রানা।
এই দুটি লাইসেন্সই আগামী ১০ বছরের জন্য বৈধ থাকবে এবং এর মাধ্যমে স্টারলিংক দেশের দুর্গম ও অবকাঠামো-প্রত্যাশী এলাকায় দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিতে পারবে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
অনুষ্ঠানে বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডু,উপপরিচালক নাহিদুল ইসলাম, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক এবং সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ জাকারিয়া ভূঁইয়াও উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাপী ইতোমধ্যে স্টারলিংক ৭০টির বেশি দেশে তাদের সেবা ছড়িয়ে দিয়েছে। বাংলাদেশে এই প্রযুক্তি আসার ফলে খরচসাপেক্ষ ও সময়সাপেক্ষ ফাইবার অপটিক সম্প্রসারণ ছাড়াও পাহাড়, চর, দ্বীপ, সীমান্ত অঞ্চলসহ দেশের সবচেয়ে প্রত্যন্ত এলাকাগুলোতেও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের সুযোগ তৈরি হবে।
এই পদক্ষেপের মধ্য দিয়ে বাংলাদেশের টেলিকম খাত প্রযুক্তিগতভাবে আরও আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল।