মেট গালায় আলিয়ার অভিষেকে বিভ্রান্তি: ঐশ্বরিয়া বলে ডাকে পাপারাজ্জি,নেটদুনিয়ায় হাস্যরসের ঝড়

  • বিনোদন ডেস্ক
  • ২০২৫-০৪-২৯ ২২:৪২:৩৩
image

বলিউডের স্টাইল আইকন আলিয়া ভাট যখন ২০২৩ সালে প্রথমবারের মতো বিশ্ববিখ্যাত ফ্যাশন ইভেন্ট মেট গালার রেড কার্পেটে পা রাখেন, তখন তা তার ক্যারিয়ারের এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে ওঠে। কিন্তু সেই গৌরবময় মুহূর্তেই ঘটে যায় এক অপ্রত্যাশিত বিভ্রান্তি-আলিয়াকে ঐশ্বরিয়া রাই বচ্চন ভেবে ডাকেন মার্কিন পাপারাজ্জিরা!
নিউ ইয়র্কে অনুষ্ঠিত মেট গালায় প্রবাল গুরুংয়ের ডিজাইন করা সাদা রঙের মুক্তাখচিত রাজকীয় গাউনে রেড কার্পেট মাতান আলিয়া। তার পাশে ছিলেন ডিজাইনার প্রবাল নিজে। ক্যামেরার ঝলকে হাসিমুখে পোজ দিতে দিতে এগিয়ে যান আলিয়া, কিন্তু ঠিক তখনই কিছু বিদেশি ফটোগ্রাফার তাকে "ঐশ্বরিয়া রাই!" বলে সম্বোধন করেন।
আলিয়ার প্রতিক্রিয়া ছিল প্রশংসনীয়-চুপচাপ, মুচকি হেসে রেড কার্পেট থেকে সরে যান তিনি। পরে সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে শুরু হয় নানা ধরনের ব্যঙ্গ, ট্রল ও মজার মন্তব্য। অনেকে বিষয়টিকে পেশাদার মিডিয়া কাভারেজে অদক্ষতা বলে আখ্যা দিলেও, কেউ কেউ এটিকে আলিয়ার প্রতি অজান্তেই এক ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেও দেখেছেন।
এই ঘটনার সঙ্গে মিলিয়ে নেটিজেনরা স্মরণ করেন আরও এক ভাইরাল ঘটনার-নীতামুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডি পাপারাজ্জিদের হলিউড তারকাদের ভুল নাম ধরে ডাকার কাহিনি। টম হল্যান্ডকে "মাকড়ি ম্যান", জেনডায়াকে "ঝাণ্ডেয়া", নিক জোনাসকে "নিকওয়া" বলা-এসব নিয়ে ছিল বেশ হাস্যরসের উপাদান। ফলে আলিয়াকে ঐশ্বরিয়া বলে ডাকার ঘটনাটিও একই রকম ‘ক্রস কালচারাল কনফিউশন’ হিসেবে চিহ্নিত হয়।
তবে এই বিভ্রান্তি কোনোভাবেই আলিয়ার গ্ল্যামার ছাপিয়ে যায়নি। তার সাদা গাউনটি ছিল কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার কার্ল ল্যাগারফেল্ডকে শ্রদ্ধা জানিয়ে ডিজাইন করা। গ্লাভস, হীরা খচিত গয়না, আধা বাঁধা চুল আর মিনিমালিস্ট মেকআপে তিনি যেন হেঁটেছিলেন স্বপ্নের রাজ্যে। মেট গালার থিম "Karl Lagerfeld: A Line of Beauty"-এর সঙ্গে তার লুক ছিল একদম খাপ খাওয়া।
আলিয়ার এই উপস্থিতি শুধু বলিউড নয়, আন্তর্জাতিক ফ্যাশন জগতে তার শক্ত অবস্থানকে আরও এক ধাপ এগিয়ে দেয়। আর ‘ঐশ্বরিয়া রাই’ বলে ডাকের বিভ্রান্তি? সেটাও হয়তো একদিন থাকবে শুধু একটি রঙিন গসিপ হিসেবে, যেটি আলিয়ার ক্যারিয়ারের দীপ্ত অধ্যায়ে সামান্য একটি পাদটীকা মাত্র।