চাঁদাবাজি মামলায় জামিন পেলেন মডেল মেঘনা আলম, কাশিমপুর থেকে মুক্তি

  • বিনোদন ডেক্স
  • ২০২৫-০৪-২৯ ২২:২৯:০৫
image

চাঁদাবাজি ও প্রতারণার মামলায় গ্রেফতারকৃত মডেল ও মিডিয়া ব্যক্তিত্ব মেঘনা আলম অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার।
গত ৯ এপ্রিল রাজধানীর বসুন্ধরার নিজ বাসা থেকে তাকে আটক করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। আটকের ২৪ ঘণ্টার মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের রিমান্ডে রাখার অনুমতি দেয় আদালত। তবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই আটক হওয়ায় এ ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন তৈরি হয়।
এরপর ১৫ এপ্রিল ধানমন্ডি থানায় মেঘনা আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়, যাতে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ আনা হয়। মামলায় দাবি করা হয়, তিনি তার পূর্বপরিচিত ব্যবসায়ী দেওয়ান সমিরের সহযোগিতায় এক বিদেশি কূটনীতিকের কাছে পাঁচ মিলিয়ন ডলার আদায়ের চেষ্টা করেন।
১৭ এপ্রিল আদালত এই মামলায় মেঘনাকে গ্রেফতার দেখানোর আবেদন গ্রহণ করেন। মামলার তদন্তের অংশ হিসেবে তাকে একাধিক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার মেঘনা আলমের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ জামিন মঞ্জুর করেন। আদালতের আদেশ অনুযায়ী, পরদিনই তার মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়।
মেঘনা আলম মিডিয়া অঙ্গনে মডেলিং ছাড়াও একাধিক সামাজিক ও মানবাধিকার সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ ও আটক হওয়ার প্রক্রিয়া নিয়ে সমালোচকরা বলছেন, "এ ধরনের ঘটনা আইনের অপব্যবহার এবং মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল।"
তবে তদন্ত সংস্থার দাবি, "প্রাথমিক তথ্য-উপাত্তের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।"
মেঘনা আলমের মুক্তির পর এখন সবার দৃষ্টি মামলার তদন্তের দিকে। তিনি আদৌ দোষী কি না, কিংবা বিষয়টি ‘ষড়যন্ত্রমূলক’ কি না-তা নির্ধারণ করবে পরবর্তী তদন্ত ও বিচার প্রক্রিয়া।