শুভ জন্মদিন খ্যাতিমান লেখক বীর মুক্তিযোদ্ধা দিনু বিল্লাহ

  • মেসবা খান
  • ২০২৫-০৪-২৯ ১৯:৩৯:১৫
image

এদেশের বিখ্যাত এক পরিবারের সন্তান তিনি। তিনি সহ তাঁর অন্যান্য ভাইবোন একেকটা উজ্জ্বল নক্ষত্র। নিজস্ব স্বকীয়তায় তাঁরা সমুজ্জ্বল। 
জন্ম ভৈরবে ২৯ এপ্রিল ১৯৪৯ সালে। পিতা মেহতের বিল্লাহ এবং মা আমেনা বিল্লাহর পঞ্চম সন্তান তিনি। আদি নিবাস শিল্প সংস্কৃতি আর সাহিত্যের লীলাভূমি বিক্রমপুরের শ্রীনগর উপজেলার সমশপুর গ্রামের এক অভিজাত পরিবারে।
পারিবারিক পরিবেশে প্রগতিশীল সাংস্কৃতিক ও রাজনৈতিক চিন্তা চেতনায় বেড়ে ওঠেন দিনু। পরিবারটি ছিল সংগীত, নৃত্য, নাটক ও সাহিত্যচর্চার আকর ভুমি। 
কৈশাের এবং যৌবনের প্রারম্ভে দীর্ঘ ও গুরুত্বপূর্ণ পর্ব কেটেছে তাঁর ভাষা সৈনিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক অজিত কুমার গুহের বাড়িতে তাঁর পিতৃস্নেহে। 
পঞ্চাশ এবং ষাটের দশকের শেষে ‘টয় হাউজ’ নামক বাড়িটিকে ঘিরে শিল্প সাহিত্যের যে সমাগম ঘটেছে সেখানে দিনু বিলাহ থাকাবস্থায় বহু স্বনামধন্য শিল্পী সাহিত্যিকের স্নেহ আর সান্নিধ্য পেয়েছেন তিনি। 
ছাত্র জীবনে ছিলেন বাম রাজনীতিতে প্রভাবিত রবীন্দ্র সংগীত আর সাহিত্যের অনুরাগী। অমর সুরকার শহীদ আলতাফ মাহমুদ তাঁর ভগ্নিপতি। আলতাফ মাহমুদের বৈপ্লবিক শিল্প সাংস্কৃতিক চেতনা দিনু বিল্লাহ খুব কাছ থেকে নিবিড়ভাবে প্রত্যক্ষ করেছেন। 
তাঁরই অনুপ্রেরণায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন এবং আগস্টের শেষে আলতাফ মাহমুদ এবং তাঁরা চার ভাইসহ পাকিহানাদার বাহিনীর হাতে ধৃত হন। 
হানাদার বাহিনীর অবর্ণনীয় নির্যাতনে দিনু বিল্লাহ এখনাে শারীরিক যন্ত্রণায় ভুগছেন আর চিরদিনের জন্য হারিয়ে ফেলেছেন ভগ্নিপতি আলতাফ মাহমুদকে।
দিনু বিল্লাহ সত্তরের দশকে তাঁর সমমনা বন্ধুদের সাথে নিয়ে গড়ে তােলেন শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যানিকেতন ও ঢাকা থিয়েটার। এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র সংসদ, ছায়ানট এবং ক্রান্তি শিল্পী গােষ্ঠির সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন তিনি। 
দিনু বিল্লাহ ও তাঁর স্ত্রী মাহবুবা খানম কুঞ্জ বর্তমানে কানাডার নায়েগ্রা অঞ্চলে বসবাস করছেন।
তাঁর রচিত মূল্যবান গ্রন্থ সমুহ - কাকাবাবুর টয় হাউজ, টয় হাউজ থেকে ১৯৭১ মৃত্যু ছায়াসঙ্গি, সুরের বরপুত্র শহীদ আলতাফ মাহমুদ, মিলিত প্রাণের কলরব প্রভৃতি। 
শহীদ জায়া সারা আরা মাহমুদ, সঙ্গীত শিল্পী লিনু বিল্লাহ, মঞ্চকুসুম শিমুল ইউসুফ তাঁরই দেশবরেণ্য গর্বিত ভাইবোন। বীর মুক্তিযোদ্ধা নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু তাঁর আরেক ভগ্নিপতি। চাষী শাওন মাহমুদ (শহীদ আলতাফ মাহমুদ সারা আরা মাহমুদ দম্পতির কন্যা) তাঁর ভাগ্নী। 
একই পরিবারের এতজন বরেণ্য ব্যক্তি এর আগে কখনো রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হননি যা জাতির জন্য নিতান্ত গৌরবের বিষয়। 
আজকের এই বিশেষ দিনটিতে অসাম্প্রদায়িক চেতনার প্রখ্যাত এই গুণী মানুষটির জন্য রইল শুভ কামনা।