কাশ্মীর উত্তেজনা ঘিরে পারমাণবিক হুঁশিয়ারি: পাকিস্তানি মন্ত্রীর মন্তব্যে উদ্বেগ বাড়ছে

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৪-২৯ ১৪:৫৯:৪৪
image

কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই তীব্র হয়ে উঠেছে। সীমান্তে টানা সংঘর্ষ, কূটনৈতিক পদক্ষেপ এবং সর্বশেষ পারমাণবিক হামলার হুমকি-সব মিলিয়ে পরিস্থিতি ভয়ানক মোড় নিচ্ছে। শনিবার পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসীর এক বক্তব্য সেই আশঙ্কাকে আরও ঘনীভূত করেছে।
এক অনুষ্ঠানে হানিফ আব্বাসী বলেন, "শুধু ভারতের জন্য ১৩০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে। ঘোরি, শাহিন ও গজনবি-প্রতিটি মিসাইল সম্পূর্ণ প্রস্তুত। আমাদের কাছে এই অস্ত্রগুলো শুধু প্রদর্শনের জন্য নেই, প্রয়োজনে ব্যবহার করতেই তৈরি রাখা হয়েছে।"
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "ভারত যদি সিন্ধু নদীর পানিপ্রবাহ বন্ধের মতো কোনো উসকানিমূলক পদক্ষেপ নেয়, তাহলে পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে।"
রেলমন্ত্রী আরও দাবি করেন, ভারতের ওপর চাপ প্রয়োগে আকাশসীমা বন্ধ করাও কার্যকর পদক্ষেপ হয়েছে। তার ভাষায়, "ভারত এখন বুঝতে শুরু করেছে পরিস্থিতির গুরুতরতা। এই ধারা ১০ দিন চললে ভারতের এয়ারলাইন্সগুলো আর টিকবে না।"
ভারত পেহেলগামের হামলার জন্য পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং বিভিন্ন কূটনৈতিক যোগাযোগ হ্রাস করা।
এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও নরম অবস্থানে নেই। দেশটি ভারতের সঙ্গে সিমলা চুক্তি স্থগিত করেছে, ভারতীয় বিমান পরিবহন নিষিদ্ধ করেছে এবং স্পষ্টভাবে জানিয়েছে-সিন্ধুর পানি বন্ধ হলে পরিণতি হবে যুদ্ধ।
বিশ্লেষকরা বলছেন, দুই পরমাণু শক্তিধর দেশের এমন উত্তপ্ত অবস্থান পুরো দক্ষিণ এশিয়ার জন্য বিপজ্জনক সংকেত। কূটনৈতিক সমাধান ছাড়া সামান্য উত্তেজনাও বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে।