লোহিত সাগরে নিখোঁজ ৬৭ মিলিয়ন ডলারের মার্কিন যুদ্ধবিমান,রহস্য ঘনীভূত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৪-২৯ ১৪:২৫:৫৩
image

২৯ এপ্রিল:
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সামরিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বহুলব্যয়বহুল একটি যুদ্ধবিমান লোহিত সাগরে হারিয়ে গেছে। ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান বিমানবাহী রণতরী থেকে টানা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায় এফ/এ-১৮ই সুপার হর্নেট মডেলের যুদ্ধবিমানটি। বিমানটির আনুমানিক মূল্য ৬৭ মিলিয়ন মার্কিন ডলার।
মার্কিন নৌবাহিনী জানিয়েছে, সোমবার লোহিত সাগরের গভীর জলরাশিতে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিমানটি হ্যাঙ্গার বেতে ট্র্যাক্টর দিয়ে টানা হচ্ছিল। অপ্রত্যাশিতভাবে ট্র্যাক্টরসহ পুরো বিমানই পানিতে তলিয়ে যায়।
ঘটনায় এক নাবিক সামান্য আহত হলেও বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলে জানায় নৌবাহিনী। দ্রুত সরে যাওয়ার কারণে টো দলের অন্যান্য সদস্যরা নিরাপদে রয়েছেন।

তদন্তে মার্কিন নৌবাহিনী,পুনরুদ্ধার পরিকল্পনা অনিশ্চিত
বিষয়টি এখন তদন্তাধীন রয়েছে। তবে এত বড় একটি ক্ষতির পরও যুদ্ধবিমানটি উদ্ধারের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
এফ/এ-১৮ই যুদ্ধবিমান হলো বহুমুখী ক্ষমতাসম্পন্ন মার্কিন নৌবাহিনীর অন্যতম ভরসা, যা যুদ্ধক্ষেত্রে আকাশ থেকে আঘাত হানার পাশাপাশি নজরদারির কাজেও ব্যবহৃত হয়।
এই দুর্ঘটনা মার্কিন প্রতিরক্ষা নীতির দায়িত্বশীলতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। ছয় মাসের ব্যবধানে ইউএসএস ট্রুম্যানের সঙ্গে জড়িত দ্বিতীয় এফ/এ-১৮ হারাল যুক্তরাষ্ট্র।

হুথি দমনে যুক্তরাষ্ট্রের চাপ, যুদ্ধের মধ্যেই দুর্ঘটনা
লোহিত সাগরে সম্প্রতি হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। মার্চ থেকে শুরু হওয়া এ অভিযানে যুক্তরাষ্ট্র দাবি করছে, তারা অঞ্চলটির বাণিজ্যিক জাহাজ চলাচল রক্ষায় অভিযান চালাচ্ছে।
ইউএসএস ট্রুম্যান বর্তমানে ওই অঞ্চলে মোতায়েন থাকা দুটি প্রধান মার্কিন বিমানবাহী রণতরীর একটি, যার ওপরই অনেকাংশে নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক সক্ষমতা।

যুদ্ধের ময়দানে অবহেলা?
বিগত বছর ইউএসএস গেটিসবার্গ গাইডেড মিসাইল ক্রুজার থেকে ভুলক্রমে ছোঁড়া গুলিতে আরেকটি এফ/এ-১৮ ধ্বংস হয়েছিল। সেই ঘটনায় দুই পাইলট প্রাণে রক্ষা পেলেও বিষয়টি তখনও সমালোচনার মুখে পড়ে।
বিশ্লেষকদের মতে, একের পর এক এই দুর্ঘটনা মার্কিন সামরিক ব্যবস্থাপনার গাফিলতির ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো টেনশনে ভরপুর অঞ্চলে এই ধরনের অপারেশনাল ত্রুটি বড় বিপর্যয়ের ইঙ্গিত বহন করতে পারে।