ইউআইইউ আন্দোলনের তদন্তে তিন সদস্যের স্বাধীন কমিটি গঠন

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৪-২৯ ০১:১৮:০০
image

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) চলমান অস্থিরতা এবং উপাচার্যসহ ১১ কর্মকর্তার পদত্যাগের পেছনের কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড।
সোমবার (২৮ এপ্রিল) বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠিত হয়। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. মুজিবুর রহমান। সদস্য হিসেবে আছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদিদ মুনির এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তারিক হাসান।
ট্রাস্টি বোর্ডের বিবৃতিতে জানানো হয়, সাম্প্রতিক ক্যাম্পাস পরিস্থিতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাবলী নিয়ে বোর্ড গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শিক্ষার্থীদের অভিযোগ, দাবিদাওয়া এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্যের নিরপেক্ষ যাচাই শেষে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, উচ্চশিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অংশ হিসেবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে ক্যাম্পাসের অস্থিতিশীলতার কারণ, সংশ্লিষ্ট ঘটনা এবং দায়ী পক্ষ চিহ্নিত করতে অনুসন্ধান করবে।
সম্প্রতি আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে ইন্টারনেট সংযোগ সীমিত করে, যা শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কাশেম মিয়ার পদত্যাগ দাবি করলে, তিনি পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে ডিন, বিভাগীয় প্রধান ও বিভিন্ন দপ্তরের ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাও পদত্যাগ করেন।
তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ট্রাস্টি বোর্ড প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানানো হয়েছে।