মা হ বু ব হা সা ন

  • হায় ঘুম!
  • ২০২৫-০৪-২৮ ১৫:২৭:০৫
image

একটি রাত ময়ূরের পেখম মেলে আমাকে পাহারা দেয়,
আমি ঘুমের ভেতরে জেগে দেখি
বিশাল এক রুই ঘাই মারে অন্তরে,
আমি তার আঁশের গন্ধে মাতাল,
সে লাফ দিয়ে আলোকবর্ষের বিন্দু হয়ে গেলো।

আমি একা —-
নক্ষত্রের মতো নিঃসঙ্গ, 
আমি রাতটির কোমর জড়িয়ে ধরে
শুয়ে পড়তেই সকাল সম্ভাষণ জানালো তার
সালাতের আহ্বানে—- 
হাইয়ালাল  সালাহ
হাইয়ালাল ফালাহ
যেন শষ্য দানার ভেতর থেকে 
এক বিন্দু আলো এসে
আমাকে জাগিয়ে দিলো। 
আমি বিছানায় উঠে বসলাম তরতাজা,
ভোরের সালাত আমাকে জড়িয়ে নিয়ে যায় মসজিদে
আর আমি ঘুমের জায়নামাজে ঢুকে
তসবিদানার মতো জিকির করতে থাকি—-
লা হাওলা ওয়ালা কোআতা ইল্লাবিল্লা!

কে আমার অন্তরে ঘাই মারে চিতলের রূপালি জলে?
কে আমাকে শয্যা থেকে টেনে তুলে নেয়?
কে আমাকে ঈশ্বরের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলে—
পড়ো— 
তোমার আল্লার নামে প্রশংসার নথিগুলো
সুপ্রাচীন নথিগুলোর চিত্রকল্প এমন যে
আমার চেতনার জমিন ক্ষীরের মতো পলির শয্যা
বিছিয়ে দেয় কাদার মতো—
আমি সেই পলিময় শয্যার ভেতরে হামলে পড়ি, 
আর সঙ্গে সঙ্গে ফুল্ল সিজদার সুশীতল বাতাস আমাকে
উড়িয়ে নিয়ে যায় আলোকবর্ষ দূরে
আলোকোজ্জ্বল ছায়াপথে—-
সেই অনন্ত পথ থেকে ফিরি না আমি,
নভোমন্ডলের পাড়ায় পাড়ায় নৌকা ভিড়িয়ে আমার গলা
গান করে—-
‘আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে
অকূল দইরার বুঝি কূল নাই রে; ‘

সহসাই খুলে গেলো আসমানের কপাট এক
ওপারে ভাসমান মেঘের 
দঙ্গল খেলছে ডাংগুলি, হা-ডু-ডু
ঈশ্বরের কিতাব কল কল শব্দে মুখর হয়ে 
উঠলো চৌদিক
রাত তার ময়ূরি পাখা গুটিয়ে নিয়ে চম্পট দিলে
আমি গ্রহানুর দুরন্ত বেগে নেমে আসি মাটির মৌলি
পৃথিবীতে—- 
পৃথিবী জুড়ে যুদ্ধ মারি ও মড়কের আগার
কে কার আহার  আজ—- কে কার বাহার!
সেই উপর চালাকির ইঁদুর দৌড়ে যেতে দেখি
নন্দন সন্তান আমাদের পাঁজরের হাড়ে গড়া
সোসিও পলিটিকসের ডিসকোর্স,
ভেসে যায় হাঁস, হুঁশ ফেরা
ইতিহাসের  নন্দিত পাতাগুলো
 গোত্তা খেতে-খেতে নামছে
যেন তারা যুদ্ধবিমান প্রকৃতির
আমার স্বপ্নের স্বাধীনতা চেটেপুটে খেতে 
উপনিবেশ  গড়ে নেয় পুরোনো ধ্বস্ত শাসন কাঠামো,
হুরপরীর মতন প্রেমের বাসন্তী বাতাসের রেশ ধরে
সৌহার্দ্যের বান ডেকে আনে গঙ্গায়, পদ্মায়—-
তিস্তার ঘোলাজলে ভেসে আসে কালো পালতোলা নাও আমার ধানী জমি ডুবিয়ে ছয়লাব করে!
আমি ডুবতে ডুবতে মরি, 
আর মরতে মরতে বাঁচি
আল্লার কৃপায়!

হায় ঘুম!
তোমার নেশা থেকে জাগতে পারে না মানুষ!!