বহুদিন পিছু ফিরে দেখিনি কিছুই
তোমাকে দেখবো বলেই অপেক্ষায়-
সময় ফুরিয়েছে সব।
আবার উল্টো হেঁটে সে পথেই যেতে হবে-
যে পথে বটের ছায়ায় আমার ভাঙা বাঁশী
কুড়িয়ে নিতো সুর ধুলার শব্দে কান পেতে।
সেখানেই বসবো যেয়ে- যেখানে মধ্য দুপুরের সূর্যটা গাছের ডালে এসে বসতো।
হয়তো এখনো বসে, আমি ঠিক জানি না আর,
আমি তো জানি না- এখনো রোদ্দুর গলে ভাগে ভাগে গড়িয়ে পড়ে কি না
মৃত্তিকায় শাখাগুলো থেকে,
এও তো জানি না তুমি ভালোবেসেছিলে কি না কোনোদিন।
জীবন কেনই যেন হেলাফেলায় হারিয়ে গেলো কিচ্ছুটি করা হলো না, কিচ্ছুটি না!
শুধু ভালোবাসার কথা ছিলো
সেখানে হারাইনি সময়-
খুব বেশী অন্তর দিয়ে তা-ই তো বেসেছি,
সাধনায় রেখেছি বিনয়।
ভ্রুক্ষেপ করিনি- কতোটা বসলে কাছে,
কতবার এলে, এসে এসে সামনে দাঁড়ালে-
না কি ফিরে চলে গেলে উলটো রথে।
হয়তো ঘোরে'ই ছিলাম
আমার হৃদয়খানি এতো জোরে নাড়িয়ে না দিলে-
এই যে সম্বিত, ফিরে'ই যে পেতাম না-
কোনোদিন রাত্রে বা দিনে।
ভালোবাসায় বিতৃষ্ণা কেন-
বুঝতে পারিনি বলেই বার-বার সামনে গেছি-
হয়তো সজাগ মনে ভুল করেছি।
এখন ভুলের মাশুল হবে দিতে
জানি না কতটা গুছিয়ে নিতে পারবো তাকে
ভেঙেচুরে গুড়িয়ে দিয়েছো যাকে-
আমি তা জানি না একেবারে।
তবুও গুটিয়ে নেবো,
প্রয়োজনে হেল্প লাইন তুলে নেবো সচেতনে-
কিন্তু, সেও তো কোনো এক তোমার'ই প্রতিমূর্তি হবে।
তার চেয়ে এই ভালো- ভালোবাসা
মৌনতা মুড়ে হৃদয়ে সবুজ আলো
জ্বেলে যাক ধীরে।