ভারতে আশ্রিত শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ প্রকাশ

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৪-২৭ ২২:৫৪:৩০
image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে সামাজিক মাধ্যমে নানা উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৭ এপ্রিল) আল জাজিরায় প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকার গ্রহণ করেন আল জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার। আলোচনায় উঠে আসে শেখ হাসিনার ভারতীয় অবস্থান ও তার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি।
ড. ইউনূস জানান, সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার আলাপ হয়। শেখ হাসিনাকে নিয়ন্ত্রণের অনুরোধ জানালেও মোদি স্পষ্ট করেন, ভারতের মুক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থায় কারও মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করা তার পক্ষে সম্ভব নয়।
ড. ইউনূস বলেন, "আমি মোদিকে অনুরোধ করেছিলাম শেখ হাসিনাকে 'চুপ' রাখতে। কারণ তার বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরে উত্তেজনা সৃষ্টি করছে। কিন্তু মোদি জানান, ভারতে সামাজিকমাধ্যম উন্মুক্ত; সেখানে কারও বক্তব্য নিয়ন্ত্রণ করা তার সরকারের পক্ষে সম্ভব নয়।"
সাক্ষাৎকারে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনা নিজেকে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে দাবি করছেন এবং ভারতে থেকেই বিভিন্ন বিবৃতি দিয়ে যাচ্ছেন। এতে বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন ড. ইউনূস।
তিনি আরও বলেন, "আমরা চাচ্ছি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। কিন্তু বাইরে থেকে যেভাবে বক্তব্য আসছে, তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।"
সাক্ষাৎকার শেষে আল জাজিরার প্রতিবেদক নিয়েভ বার্কার মন্তব্য করেন, বর্তমান রাজনৈতিক সংকটের এজেন্ডায় শেখ হাসিনার বিদেশে অবস্থান এবং মন্তব্যগুলো নতুন মাত্রা যোগ করেছে।

সূত্র: আল জাজিরা