শহর-গ্রামে সমান লোডশেডিং,চাহিদা বাড়লে তেলচালিত বিদ্যুৎকেন্দ্র চালু হবে

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৪-২৭ ১৯:৪২:৫৭
image

গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে শহর ও গ্রামে সমান হারে লোডশেডিং কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রোববার (২৭ এপ্রিল) সচিবালয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
ফাওজুল কবির খান বলেন, ‘‘বর্তমানে কিছু লোডশেডিং হচ্ছে এবং সরকার সেটিকে সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছে। শহর ও গ্রাম কোনো এলাকা যাতে বৈষম্যের শিকার না হয়, সেজন্য সুষমভাবে লোডশেডিং করা হবে।’’
তিনি আরও জানান, বিশেষজ্ঞদের সুপারিশ অনুযায়ী সামান্য পরিমাণ লোডশেডিং দেওয়া হচ্ছে, কারণ বিদ্যুতের অতিরিক্ত ভর্তুকির চাপ এড়াতে এটি জরুরি হয়ে পড়েছে।
বর্তমানে দেশে দৈনিক সাড়ে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে উল্লেখ করে উপদেষ্টা বলেন, গরম বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে। এই অতিরিক্ত চাহিদা মেটাতে প্রয়োজনীয় তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো চালু রাখা হবে।
তিনি আরও বলেন, ‘‘বর্তমানে বাড়িতে অপ্রয়োজনে লাইট, ফ্যান ও এসি চালু রাখার প্রবণতা বাড়ছে। অথচ বিদ্যুৎ উৎপাদন সেই হারে বৃদ্ধি পায়নি। জনসচেতনতা তৈরি না হলে সমস্যা আরও প্রকট হতে পারে।’’
এদিকে, শনিবার খুলনা অঞ্চলে পাওয়ার গ্রিড বিপর্যয়ের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলা প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।
এ প্রসঙ্গে উপদেষ্টা জানান, ঘটনার কারণ অনুসন্ধানে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।