এপ্রিলের ২৬ দিনে প্রবাসী আয়ে রেকর্ড, জমা ২৭ হাজার ৯৩৩ কোটি টাকা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৪-২৭ ১৯:০১:৫৫
image

চলতি এপ্রিল মাসের প্রথম ২৬ দিনে বৈধপথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২২৭ কোটি ১০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ২৭ হাজার ৯৩৩ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।
রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, এপ্রিলের প্রতিদিন গড়ে ৮ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৬৯২ ডলার রেমিট্যান্স এসেছে দেশের ব্যাংকিং খাতে।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৫ কোটি ৩৮ লাখ ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৯৪ লাখ ১০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ১২৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৭০ হাজার ডলার।
তবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক এবং পদ্মা ব্যাংকের মাধ্যমে এ সময়ে কোনো প্রবাসী আয় আসেনি। একইভাবে বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমেও রেমিট্যান্স প্রবাহ শূন্য ছিল।
ব্যাংকভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। বেসরকারি খাতের এই ব্যাংকটির মাধ্যমে এপ্রিলের ২৬ দিনে ৩৫ কোটি ৬৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স জমা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসীদের অর্থ পাঠানোর হার আরও বাড়তে পারে, ফলে এপ্রিল শেষে রেমিট্যান্স প্রবাহ নতুন উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সরকারের পক্ষ থেকেও রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতে নানা ধরনের প্রণোদনা অব্যাহত রয়েছে।