চাঁপাইনবাবগঞ্জে দেড়কেজি হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৪-২৭ ১৫:৩৫:৩৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে এক কেজি পাঁচশত গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় ফারুক হোসেন(৩৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড,সেই সাথে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদয়ে আরও  ছয় মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার(২৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো: মিজানুর রহমান একমাত্র আসামীর উপস্থিতিতে দন্ডাদেশ ঘোষণা করেন। দন্ডিত ফারুক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলী রোডপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) আব্দুল ওয়াদুদ বলেন, ২০২২ সালের ১৯ ডিসেম্বর দিবাগত গভীর রাতে (২০ ডিসেম্বর) র‌্যাব-৫ ব্যাটালিয়ন, রাজশাহীর অভিযানে নিজ বসতবাড়ি থেকে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ  আটক হন ফারুক। এ ঘটনায় ওইদিন (২০ ডিসেম্বর)  চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একমাত্র ফারুককে আসামী করে মামলা করেন র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই)  শাহজাহান আলী। ২০২৩ সালের ২৮ ফেব্রæয়ারী ফারুককে একমাত্র অভিযুক্ত করে  আদালতে চার্জশীট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) মো: আকতারুজ্জামান। ১১ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানীর পর আদালত রোববার ফারুককে দোষি সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. মো: জাকির হোসেন।