কুমিল্লার বুড়িচংয়ে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত এবং চারজন আহত হয়েছেন।
রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর সাকুরা স্টিল মিলের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোস্তফা সরোয়ার বিপ্লব (৫০), যিনি নরসিংদী জেলার কামাড়গাঁও গ্রামের মোস্তফা কামালের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এসআই আনিছুর রহমান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা মুরাদনগরগামী রয়েল সুপার পরিবহনের একটি এসি বাস পেছন দিক থেকে একটি সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর উল্টে যায় এবং যাত্রীরা ছিটকে পড়েন।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা পাঁচজনের মধ্যে গুরুতর আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা বাসটি ভাঙচুর করেন।
ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে যায়। ফলে মহাসড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা ও দেবপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা সরিয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, “পুলিশ পৌঁছানোর আগেই নিহতের মরদেহ তার পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত দুইটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”