উত্তর কোরিয়ার সেনাদের বীরত্বে কুরস্ক পুনরুদ্ধার: গর্বিত গেরাসিমভের বার্তা পুতিনকে

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৪-২৭ ০২:৩৮:১০
image

ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় যুক্ত হলো। রাশিয়ার জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভ আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেন-ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে কুরস্ক অঞ্চল পুনরুদ্ধারে উত্তর কোরিয়ার সেনাদের অবদান ছিল অবিস্মরণীয়।
শনিবার (২৬ এপ্রিল) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে দেওয়া এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে গেরাসিমভ বলেন, "কুরস্ক অঞ্চলে রুশ সেনাদের কাঁধে কাঁধ মিলিয়ে উত্তর কোরিয়ার সেনারা যে সাহসিকতা ও অদম্য ধৈর্যের পরিচয় দিয়েছে, তা রীতিমতো কিংবদন্তি হয়ে থাকবে।"
প্রেসিডেন্ট পুতিন ঘোষণা করেছেন, সীমান্তবর্তী কুরস্ক অঞ্চল এখন ইউক্রেনীয় বাহিনীর দখলমুক্ত। এই ঘোষণার পেছনে থাকা কঠিন যুদ্ধের গল্প তুলে ধরেন গেরাসিমভ। তিনি জানান, ইউক্রেনীয় বাহিনীর টানা হামলায় বিগত এক বছরে অন্তত ৭৬ হাজারের বেশি ইউক্রেনীয় সৈন্য হতাহত হয়েছেন।
অভিযানের পরবর্তী ধাপ হিসেবে রুশ সেনারা এখন মুক্ত এলাকাগুলোতে লুকিয়ে থাকা ইউক্রেনীয় সেনাদের খুঁজে বের করার জন্য বিশেষ অভিযান চালাচ্ছে। একইসঙ্গে সুমি অঞ্চলে একটি নিরাপত্তা বলয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে ইতোমধ্যেই রাশিয়ার নিয়ন্ত্রণে এসেছে চারটি বসতি ও ৯০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকা।
এদিকে কুরস্ক অঞ্চলের ১৯টি বসতি মাইনমুক্ত করার কাজ শেষ হয়েছে বলে জানায় রুশ সামরিক কর্তৃপক্ষ।
এই লড়াইয়ের প্রতিটি পরতে পরতে উত্তর কোরীয় সেনাদের 'অদম্য সাহস' এবং 'নীরব বীরত্ব' গেঁথে আছে -এমন মন্তব্যও উঠে এসেছে গেরাসিমভের রিপোর্টে। মস্কো মনে করছে, আন্তর্জাতিক মিত্রতার এই দৃষ্টান্ত আগামী দিনে যুদ্ধ কূটনীতির নতুন মডেল হিসেবেও বিবেচিত হতে পারে।