হা বি বা লা ব নী

  • বোহেমিয়ান ভাবনাঃ
  • ২০২৩-০৮-০৯ ১৪:৩১:১৬
image

তোমার কন্ঠস্বরের মাদকতা
আমায় আচ্ছন্ন করে রাখে সর্বক্ষণ।
কঠিন অথচ প্রেমময় এ শব্দতরঙ্গ
বহুদূর ব‍্যাপ্ত যা ফুরাবার নয়।
কল্পনার জিওফোনে ধরে রাখি তোমার প্রতিধ্বনি;
চোখ বুজলেই সুরশলাকার নিখুত কম্পনে
ভেসে বেড়ায় যৈবতী নদীর সুরেলা কলতান।
************************************************
শব্দশৈলী এমন একটা কারুকাজ তা প্রাণীতেই হোক কিংবা বস্তুগত ক্ষেত্রে। এর প্রভাব এতটাই শক্তিশালী পৃথিবী সৃষ্টির শুরু থেকেই এই শব্দের ব‍্যবহারই আমাদের পথ দেখিয়েছে। শব্দ সৃষ্টি হয় বাতাসে পর্যায়বৃত্ত কম্পন উৎপন্ন করার মাধ‍্যমে। মানুষের কন্ঠস্বরেও অনেক সময় মাদকতা অনুভূত হয়। বোহেমিয়ানের কন্ঠে যে ধ্বনি উৎপন্ন হয় তা তার প্রেমিকাদের উদ্দাম করে তোলে। এ এক অন‍্য রকম অনুভূতি যা অন‍্যকোন কিছুর সাথে মেলানো যায়না। 
বোহেমিয়ান এর প্রতি তার প্রেয়সীর এই যে আচ্ছন্নতা তার রেশ অনেকটা সময় জুড়ে থাকে যা তাকে প্রেমের আবহে উদ্বেলিত করে তোলে। এই ঘোর কাটানোর সাধ‍্যও তার জানা নাই কিংবা এই ঘোরলাগা অনুভূতির মধ‍্যে থাকতেই সে আনন্দ পায়। 
কতটা মাতোয়ারা হলে পরে বোহেমিয়ান এর প্রেমিকা তার কন্ঠস্বরের প্রতিধ্বনি শুনতে পায়। এ যেন কল্পনাতেই সাজিয়ে রাখা জিওফোনের কারসাজি যা প্রেমিকের কথার প্রতিধ্বনি ধরে রেখে তাকে প্রেমানন্দে ভরিয়ে রাখে। 
এদিকে বোহেমিয়ান তার চোখ বন্ধ করে একমনে টিউনিংফোনের মাধ‍্যমে নিখুত শব্দ তরঙ্গ তৈরি করে ভরা যৌবনা নদীর কলতানে প্রেমিকার সুরেলা কন্ঠস্বর অনুভব করে। বলতে গেলে দুজনই প‍্রচন্ডভাবে মোহাগ্রস্ত হয়ে পড়ায় তাদের অনুপস্থিতিতেও কল্পনায় শব্দ তরঙ্গ সৃষ্টি করে উভয়ই নিজেদের কথার প্রতিধ্বনি শুনার মাধ‍্যমে ভালোবাসার আবেশে ভেসে বেড়ায়।