পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে ভ্যাটিকানে বিশ্বনেতাদের ঢল

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৪-২৬ ১৩:৫৭:০৬
image

ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে আজ এক বিরল দৃশ্যের সাক্ষী হলো বিশ্ব। রোমান ক্যাথলিকদের প্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে ছুটে এসেছেন বিশ্বের নানা প্রান্তের রাষ্ট্রপ্রধান, রাজপরিবারের সদস্য ও হাজারো সাধারণ মানুষ।
শনিবার সকালে সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জার চত্বরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ শেষকৃত্যানুষ্ঠান। সূর্যের আলো ভাসছিল বিশাল স্কয়ারের ওপর, আর শোক ও শ্রদ্ধার আবহে ঢেকে ছিল পুরো ভ্যাটিকান।
বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। তাঁর পাশাপাশি প্রিন্স উইলিয়াম, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ ও রানী লেতিজিয়া, এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাও যোগ দিয়েছেন শোকসভায়।
বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উপস্থিতি। এছাড়া শেষ বিদায়ে শামিল হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলে এবং ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর স্ত্রী ওলেনা জেলেনস্কা এবং প্রতিনিধি দল নিয়ে পোপের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রোমে পৌঁছেছেন।


ভ্যাটিকান জানিয়েছে, গত তিন দিনে সেন্ট পিটার্স বাসিলিকায় প্রায় আড়াই লাখ মানুষ পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার মরদেহ বাসিলিকায় আনার পর দর্শনার্থীদের জন্য রাতভর গির্জা খোলা রাখা হয়েছিল।
শোক আর স্মৃতির এই দিনে ক্যাথলিক ধর্মাবলম্বী থেকে শুরু করে নানা ধর্ম-বর্ণের মানুষ একত্রিত হয়েছেন, যেন পোপ ফ্রান্সিসের শান্তির বার্তাকে শেষবারের মতো সম্মান জানানো যায়।