সেই কোন ছোটোবেলায় 'আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে'
পড়তে পড়তে মন হারিয়ে যেত নাম না জানা নদীর ধারে
মনে হতো এই শব্দগুলো লেখা মানুষটি খুব আপন
তখন বই চেনা শুরু আপনাকে দেখে
লম্বা, লম্বা দাড়ি আর শান্ত,সৌম্য চেহারার প্রতি প্রথম আকৃষ্ট হওয়া
ভালোলেগেছে আপনাকে
ভালোবেসেছি আপনাকে
অভিমান হয়েছে আপনার উপরে
রতনের অভিমানী চোখ পাথর বসিয়েছে আমার বুকে
এমন জীবন্তভাবে মানুষকে অঙ্কন করা যায়?
প্রশ্ন করতে শিখেছি আপনাকে দেখে
মানুষের দুঃখ, দুর্দশা দেখে বলতে শিখেছি
"ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছো বারে বারে দয়া হীন সংসারে",
তারপর জীবনের চড়াই উৎরাইয়ে চলতে চলতে
ভেসে গেলাম আপনার অতলে
ভালোবাসা নামক সমুদ্রের কিনারে বসে আপন করে পেলাম
মিলনের আনন্দে পেলাম
বিরহের যন্ত্রণা ভুলতে পেলাম
দিন রাতের সাথী হলো 'সঞ্চয়িতা', 'গীতবিতান'।
আদর্শের চরিত্রে আপনার 'বিমলা'
ব্যক্তিত্বে 'লাবণ্য'-র অসাধারণ উপস্থিতি
বেঁচে থাকার পথ দেখালো
বুঝলাম, আপনার সব চরিত্রগুলো জীবনেরই অঙ্গ
সর্বত্র শুধু আপনি আর আপনি
এত করে পাই যাঁকে, সেই তো হৃদয়ের একান্ত আপন,
শেষে শ্রদ্ধা জানাতে চাইলাম আপনার চির চলিষ্ণু চরণে
মন গেয়ে উঠলো "আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে"
কেঁপে উঠলো কন্ঠ এখানেও সেই আপনি!