কমিশন কেলেঙ্কারির অভিযোগে এনসিপি নেতা তানভীর সাময়িক অব্যাহতি,কারণ দর্শানোর নোটিশ

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৪-২২ ০০:৪৪:১৫
image

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাগজে অনিয়ম এবং জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে কেন্দ্রীয় দপ্তর।
সোমবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, গত ১১ মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে তানভীরের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগগুলো সংগঠনকে বিব্রত করেছে। এজন্য আগামী সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের পূর্বের মৌখিক সতর্কতা অমান্য করায় শৃঙ্খলা কমিটির চূড়ান্ত প্রতিবেদনের আগ পর্যন্ত তাকে দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান একটি ফেসবুক পোস্টে দাবি করেন, এনসিটিবির বই ছাপার অনুমোদনে নির্দিষ্ট কাগজ সরবরাহকারী প্রতিষ্ঠানের বাইরে কাউকে অনুমতি দেওয়া হয়নি, এবং প্রতি টনে অতিরিক্ত ১৫–২৫ হাজার টাকা মূল্যে বিক্রয় করে প্রায় ৪০০ কোটি টাকার কমিশন বাণিজ্য হয়েছে। এতে এনসিটিবির কয়েকজন কর্মকর্তা ছাড়াও তানভীরের নাম উঠে আসে, যিনি ছাত্র সংগঠনের পরিচয়ে এ কাজে যুক্ত ছিলেন বলে অভিযোগ।
এনসিপি জানিয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে দলের আহ্বায়ক, সদস্যসচিব এবং শৃঙ্খলা কমিটিকে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।