ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, ‘৫০৫০১’ আন্দোলনে রাস্তায় হাজারো মানুষ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৪-২০ ১২:২৪:১৩
image

যুক্তরাষ্ট্রজুড়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নীতির প্রতিবাদে ফের মুখর হয়েছে রাজপথ। শনিবার দেশটির ৫০টি অঙ্গরাজ্যে একযোগে হাজারো মানুষ অংশ নেয় ‘৫০৫০১: পঞ্চাশ রাজ্য, পঞ্চাশ বিক্ষোভ, এক আওয়াজ’ শীর্ষক কর্মসূচিতে।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রত্যাবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও মানবাধিকার প্রশ্নে উদ্বেগ প্রকাশ করে এ আন্দোলনের ডাক দিয়েছিল একাধিক নাগরিক সংগঠন। আয়োজকরা বলছেন, আমেরিকান স্বাধীনতা যুদ্ধের ২৫০তম বার্ষিকী সামনে রেখে, ইতিহাসের সেই বিদ্রোহী চেতনার প্রতীক হিসেবেই এই আন্দোলন সাজানো হয়েছে।

বিক্ষোভে সরব নানা শ্রেণি-পেশার মানুষ
নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, লস অ্যাঞ্জেলসসহ বড় শহরের কেন্দ্রস্থলে বিক্ষোভকারীরা জড়ো হন। হোয়াইট হাউজ, টেসলা ডিলারশিপ ও রাষ্ট্রীয় ভবনগুলোর সামনেও ছিল প্রচণ্ড ভিড়।
বিক্ষোভকারীদের হাতে ছিল নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড— "No Kings", "Stop Trumpism", "We Want Justice" ইত্যাদি।

এল সালভাদরে ফেরত পাঠানো কিলমার গার্সিয়াকে ফেরত আনার দাবি
বিক্ষোভে একটি বড় অংশ জুড়ে ছিল কিলমার আবরেগো গার্সিয়া ইস্যু। ভুলবশতঃ ফেরত পাঠানো এই অভিবাসীকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার দাবি জানান বিক্ষোভকারীরা।
গিহাদ এলজেন্ডি নামের একজন বিক্ষোভকারী সিএনএনকে বলেন, “ট্রাম্প চাইলে গার্সিয়াকে ফেরাতে উদ্যোগ নিতে পারেন। এটা এখন নৈতিক দায়িত্ব।”

ট্রাম্পের নীতির বিরুদ্ধে ‘হ্যান্ডস অফ’ বার্তা
বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের নেওয়া চাকরিচ্যুতি, বাজেট ছাঁটাই, অভিবাসন নীতি এবং ব্যক্তিগত অধিকার হরণের চেষ্টা-র বিরুদ্ধেও সরব ছিলেন।
থমাস ব্যাসফোর্ড নামে একজন বলেন, “আমার সন্তানদের শেখাতে চেয়েছি, স্বাধীনতার মূল্য কী এবং কীভাবে আমরা লড়াই করে তা অর্জন করেছি।”

জনপ্রিয়তায় ধস
গ্যালাপ ও রয়টার্স-ইপসোস জরিপ বলছে, ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ক্রমেই নিচে নামছে। বর্তমানে তার পারফরম্যান্সে সন্তুষ্ট ৪৩ শতাংশ ভোটার, যেখানে অর্থনীতি ইস্যুতে সমর্থন আরও কমে ৩৭ শতাংশে পৌঁছেছে।

শান্তিপূর্ণ কর্মসূচিতে ছোটখাটো উত্তেজনা
বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও একাধিক জায়গায় সামান্য ধস্তাধস্তির ঘটনা ঘটে।
ডেমোক্র্যাট নেতা সুহাস সুব্রামানিয়াম সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে এক ব্যক্তি ট্রাম্পপন্থী সাইন নিয়ে প্রতিবাদকারীদের সঙ্গে বিতণ্ডায় জড়ান।

প্রেক্ষাপট:
২০১৭ সালে ট্রাম্পের প্রথম শপথ গ্রহণের সময় "উইমেন'স মার্চ" দিয়ে যে গণআন্দোলনের সূচনা হয়েছিল, ‘৫০৫০১’ কর্মসূচি তারই আরও বিস্তৃত ও সংগঠিত রূপ বলে মনে করছেন বিশ্লেষকরা।