সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ক্রোয়েশিয়ার সাবেক তারকা ফুটবলার পোক্রিভাচ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৪-২০ ০১:২৭:৪৫
image

ক্রোয়েশিয়ার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার নিকোলা পোক্রিভাচ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর।
শনিবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন (HNS) আনুষ্ঠানিকভাবে এই মর্মান্তিক ঘটনার খবর জানায়। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মধ্য ক্রোয়েশিয়ার কার্লোভা অঞ্চলে চারটি গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
পোক্রিভাচ ছিলেন এনকে ভোইনিক নামক অপেশাদার ক্লাবের সক্রিয় খেলোয়াড়। দুর্ঘটনার সময় ক্লাবটির আরও তিন ফুটবলারের সঙ্গে একটি গাড়িতে ছিলেন তিনি। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। গাড়িতে থাকা অপর তিন যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে আরেকটি গাড়িতে থাকা ৪২ বছর বয়সী আরেক ব্যক্তিও প্রাণ হারিয়েছেন।

খেলোয়াড়ি জীবন:
নিকোলা পোক্রিভাচ পেশাদার ক্যারিয়ারে দিনামো জাগরেব, এএস মোনাকো এবং রেড বুল সালজবুর্গ-এর মতো ক্লাবের হয়ে মাঠ কাঁপিয়েছেন। দেশের জার্সিতে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

জীবনযুদ্ধে হারেননি
২০১৫ সালে হজকিনস লিম্ফোমা নামক ক্যানসারে আক্রান্ত হয়ে সময়ের আগেই বিদায় নিতে হয় পেশাদার ফুটবল থেকে। তবে রোগকে জয় করে ২০২১ সালে অপেশাদার ফুটবলে ফেরেন পোক্রিভাচ। ফুটবল ছিল তাঁর জীবনের নিঃশ্বাস।

ফুটবল বিশ্বে শোক
ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি মারিয়ান কাস্টিচ শোক জানিয়ে বলেন,
“নিকোলা শুধু দুর্দান্ত ফুটবলারই ছিলেন না, ছিলেন একজন সত্যিকারের যোদ্ধা। ক্যানসার জয় করে মাঠে ফিরে এসে তিনি আমাদের সকলকে অনুপ্রাণিত করেছেন।”