শ্রী মা ধ ব

  • জলের বুকে রক্তের প্রাণ
  • ২০২৫-০৪-২০ ০০:৩৪:২১
image

রক্ত স্রোত সাঁতরে বেড়ায় জলের ভেতর 
ঢেউয়ের ভেতর ঢেউ 
ঢেউয়ের গহ্বরে রক্তের প্রাণ
এই রক্ত কে?
তুমি?
আমি?  
নাকি অন্য কেউ?

সাগরের বুকে প্রলয় ঢেউয়ের মন্থন
সূর্যের মুখ দেখে জেগে উঠে রক্তপিন্ড
জেগে উঠে একখণ্ড ভূমি 
জেগে উঠি আমি
জেগে উঠো তুমি 
এবং অন্য কেউ। 

জলের রঙ মিশে যায় রক্তের রঙে
তুমি আমি একিই রঙে চোখ রাখি
আমি রক্ত হয়ে, রক্ত নিয়ে, রক্তের মাঝেই বাঁচি
তুমিও তো তাই। 

আকাশের বুক থেকেও নেমে আসে সে
বাতাসের গায়ে নাম লিখে 
জলের শরীর শিকড় গেঁড়ে ভূমির বুকে 
অংকুরিত আমি তুমি। 

ভূখণ্ডের উন্মুক্ত বুকে গিজগিজ করে প্রজন্ম 
তোমাতে আমাতে আরও আরও কিছু। 
ভূখন্ডে প্রাচীর দাঁড়ায় আরোও জাগে প্রাচীর 
আমি হারিয়ে যাই প্রজন্মের  ভীড়ে 
তুমিও হয়তো।