ভারত সফরে আগ্রহী ইলন মাস্ক,মোদির সঙ্গে আলোচনায় উঠে এল টেসলা ও স্টারলিংক

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৪-১৯ ১৭:৪৩:২০
image

বিশ্ব প্রযুক্তি খাতে অন্যতম প্রভাবশালী ব্যক্তি ইলন মাস্ক চলতি বছরেই ভারত সফরের আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া পোস্টে মাস্ক লিখেছেন, "প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলা ছিল সম্মানের। এ বছর ভারতে সফরের জন্য আমি উন্মুখ হয়ে আছি।"

দুই নেতার এই সংলাপে মহাকাশ, পরিবহন, প্রযুক্তি ও উদ্ভাবন খাতকে কেন্দ্র করে আলোচনার কথা জানা গেছে, যা তাদের আগের ওয়াশিংটন বৈঠকের ধারাবাহিকতা। মোদিও এক্সে জানিয়েছেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও উদ্ভাবনে অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।"

ইলন মাস্ক নিজেকে মোদির ‘ভক্ত’ হিসেবে আগেও উল্লেখ করেছেন। যদিও এর আগেও তার ভারত সফরের পরিকল্পনা ছিল, তবে টেসলার ব্যস্ততা ও অন্যান্য দায়িত্বের কারণে তা বাস্তবায়িত হয়নি। এবার মাস্কের সফর নিয়ে আশাবাদী ভারতীয় প্রযুক্তি খাত।

ভারতের দিকে টেসলা ও স্টারলিংকের চোখ
বর্তমানে মাস্কের ব্যবসায়িক আগ্রহের কেন্দ্রে ভারত রয়েছে। বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয় ব্র্যান্ড টেসলার ভারতীয় বাজারে প্রবেশ এবং স্টারলিংক ইন্টারনেট সেবার সম্প্রসারণ—দুই দিকেই লক্ষ্য স্থির করেছে মাস্কের প্রতিষ্ঠানগুলো।

টেসলা ইতিমধ্যে মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে প্রায় ৪ হাজার বর্গফুট জায়গা ভাড়া নিয়েছে। দিল্লি ও মুম্বাইতে আরও অফিস স্পেস খোঁজার কথাও উঠে এসেছে বিভিন্ন সূত্রে। একই সঙ্গে ভারত সরকারের পক্ষ থেকেও স্টারলিংককে স্বাগত জানাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সম্প্রতি দিল্লিতে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল স্টারলিংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট ব্যবহারকারী দেশ ভারতের দ্রুত বর্ধনশীল সোশ্যাল মিডিয়া ও ফিনটেক বাজার স্টারলিংকের জন্য একটি সম্ভাবনাময় ক্ষেত্র হয়ে উঠতে পারে। তবে নিরাপত্তা ও নীতিগত বাধা এখনো প্রতিষ্ঠানটির সামনে অন্যতম চ্যালেঞ্জ।

বাণিজ্য কূটনীতি ও টেক সংযোগ
এই সংলাপ এবং সফর পরিকল্পনা এমন সময় সামনে এলো, যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলছে দীর্ঘমেয়াদি বাণিজ্য উত্তেজনা। এমন পরিস্থিতিতে ভারতের সঙ্গে টেক-সম্পর্ক জোরদার করতে চান ইলন মাস্ক। একটি পারস্পরিক বাণিজ্য সুবিধা চুক্তি হলে টেসলার মতো প্রতিষ্ঠান ভারতে আরও সহজে প্রবেশ করতে পারবে, এমনটাই আশাবাদী বিশ্লেষকরা।