টানা দ্বিতীয় দিনের মত অভিযান,দু’দিনে ৮ ভাটা গুঁড়িয়ে আদায় হল ১২ লক্ষ টাকা অর্থদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৪-১৯ ১৭:২৬:৩২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  ভোলাহাট উপজেলার বিভিন্ন স্থানে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন ৫টি ইটভাটা  গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ ছাড়া ওই ভাটা ৫টি থেকে ৫ লক্ষ টাকা অর্থদন্ড আদায় সহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়,গত বৃহস্পতিবার(১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট (সিনিয়র সহকারী সচিব) মো: রবিউল আলম।
এর আগে গত বুধবার (১৬ এপ্রিল) দিনব্যাপী জেলার নাচোল উপজেলার বিভিন্ন স্থানে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন ৩টি ইটভাটা  গুঁড়িয়ে  দিয়ে ভাটাগুলো থেকে ৭ লক্ষ টাকা অর্থদন্ড আদায় করা হয়। এ নিয়ে টানা দু’দিনে জেলার দুই উপজেলায় মোট ৮টি  ইটভাটা গুঁড়িয়ে দিয়ে  মোট ১২ লক্ষ টাকা  অর্থদন্ড আদায় করল পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ বলেন,পরিবেশ  অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসক প্রদত্ত ইট পোড়ানো অনুমতি না থকায়  ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন (সংশোধিত ২০১৯) অনুযায়ী  জেলা প্রশাসন,জেলা পুলিশ, র‌্যাব-৫ ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় ভোলাহাটে দিনব্যাপী অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স মদিনা ব্রিক ফিল্ডস, মেসার্স সেভেনে স্টার ব্রিকস, মেসার্স হিরো ব্রিকস,মেসার্স জে টাটা ব্রিকস এবং মেসার্স মেঘনা জিগজ্যাগ ব্রিকস এর প্রত্যোকটিকে ১ লক্ষ টাকা করে  মোট ৫ লক্ষ টাকা অর্থদন্ড  আরোপ ও আদায় করা হয়। এছাড়া ভাটা পাঁচটি এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়ে পানি ঢেলে  চিমনি নিভিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
অভিযানকালে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ।