শান্তর চোখে প্রতিপক্ষ নয়,কেবল প্রতিদ্বন্দ্বী-জিম্বাবুয়েকে সমীহ করছে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৪-১৯ ১৬:১৬:০৫
image

চ্যাম্পিয়ন্স ট্রফির হতাশা কাটিয়ে এবার ঘরের মাঠে নতুন চ্যালেঞ্জের মুখে টাইগাররা। সামনে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। রোববার, ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রথম টেস্ট। প্রস্তুতি সেরে নিয়েছে দুই দলই। তবে ম্যাচের আগেই সতর্ক বার্তা দিয়েছেন টাইগারদের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
জিম্বাবুয়ে বাংলাদেশের জন্য পরিচিত প্রতিপক্ষ হলেও, শান্ত মনে করেন প্রতিপক্ষ ছোট না বড়—এসব ভেবে নয়, মাঠে নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা জিম্বাবুয়েকে ছোট দল হিসেবে দেখছি না। দক্ষিণ আফ্রিকার সঙ্গেও যেমন পরিকল্পনা থাকে, জিম্বাবুয়ের বিপক্ষেও তেমনটাই থাকবে। দলে এমন কোনো মানসিকতা নেই যে ছোট দলের সঙ্গে খেলা মানেই আলাদা কিছু। উন্নতির জায়গা আছে, তবে আমরা এসব মানসিক বাধা কাটিয়ে উঠতে পারব।”
চলতি বছরে বাংলাদেশের টেস্ট সূচিতে রয়েছে ৫-৬টি গুরুত্বপূর্ণ ম্যাচ। শান্তর বিশ্বাস, ভালো প্রস্তুতি ও ইতিবাচক মানসিকতা নিয়ে এগোতে পারলে প্রত্যেকটি ম্যাচ থেকেই ফল আনা সম্ভব।
এদিকে একাদশ ও উইকেটকিপার পজিশন নিয়ে এখনো পুরোপুরি স্পষ্ট না অধিনায়ক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শান্ত হেসে বলেন, “কম্বিনেশন ঠিক আছে, সবাই প্রস্তুত আছে। কে কিপিং করবেন, সেটা কাল টসের পরই জানা যাবে।”
প্রসঙ্গত, সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল সিলেটে সকাল ১০টায়। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৮ এপ্রিল, চট্টগ্রামে।