তি তা স

  • প্রত্যাশা
  • ২০২৫-০৪-১৭ ০০:২১:২৫
image

সে ফিরে আসবেনা  জেনেও....
অবুঝ মন কখনো কখনো অপেক্ষার প্রহর গুনতে থাকে।
আনমনে রাতের আকাশে রোজ চলে এক ঝলক দেখার প্রত্যাশা।
আকাশটা মুখ গোমড়া করে মেঘের চাদর জড়িয়ে নেয় গায়ে 
আবার কখনো ঝলমলিয়ে জোৎস্না ছড়িয়ে মুচকি হাসে,
হয়ত আমায় ব্যঙ্গ করে!
আমি সমস্ত উপহাস সহ্য করে
নয়ন নদীতে বাঁধ দিয়ে তাকিয়ে থাকি।
তারপর একসময় ক্লান্ত হয়ে ঘরের মধ্যে বিছানাতে,
আমার সকল অনুভূতির একমাত্র সাক্ষী আমার বালিশটাকে সঙ্গী করে দু চোখ বন্ধ করি।
সে জানে, গভীর রাতে কেমন করে আমার নয়ন নদীর বাঁধ ভাঙ্গে..
বোবা কান্নারা কেমন করে বুকফাটা চিৎকার করে..
সে জানে, জীবন্ত লাশেরা কেমন করে বেঁচে থাকার অভিনয় করে..।
তার কোলে মাথা রেখে স্মৃতির মিছিলের ধ্বনি শুনতে শুনতে ভোর রাতে তন্দ্রা আসে।
সঙ্গে সে' ও আসে মাঝে মধ্যে।
আমি বোকার মত অভিমান করে বসি,
সে কপালে চুম্বন এঁকে দিয়ে কানে কানে বলে -
ভালোবাসি.. আজও ভালোবাসি
তাইতো বারবার ফিরে আসি।
আমি হাত বাড়িয়ে ধরতে যাই তাকে
সে তখন মিলিয়ে যায় ঐ আকাশে রোজ কার কঠিন অভ্যাসে।।