এসো সম মর্যাদার বর্ষ

  • সঙ্গীতা কর
  • ২০২৫-০৪-১৪ ১৬:১৪:০৪
image

তুমি কি সত্যিই আসবে? 
ঊনচল্লিশটা নতুনবছর কেটেছে তবুও পাইনি নতুনত্ব 
পুরাতন রীতি বয়ে চলেছি 
আমি অবহেলিতা নারী, 
আমার জন্য বরাদ্দের বাইরে আজও বিশেষ কিছু পাওয়া হয়ে ওঠেনি 
আমি সেই নারীর রূপ, ঋষি ব্যাসদেব সংশয়ে ছিলেন 
যাঁর কৃতিত্ব স্থাপনে 
পুরুষতান্ত্রিক সমাজ যাঁকে খুঁজে দিয়েছিলো পুরুষ নামক অবলম্বন
কৌশল করে ঢেকে দিয়েছিলো যাঁর সাহসিকতা
পাঞ্চালির বস্ত্রহরণের প্রতিবাদে যে ছিল প্রধান মুখ 
মনে পড়ে তাঁকে 
তিনি দুর্যোধন পত্নী ভানুমতি,
ঋষিবর, আপনি তো জানতেন
সখা কৃষ্ণ নয় হাজার হাত বস্ত্র জুগিয়েছিল কৌরব বংশের অন্যান্য নারীগণ 
তবুও পৌরুষত্ব জেতাতে গোপন করেছিলেন নারীর অবদান?

ঋষি বাল্মিকী, আজ আপনার কাছেও খুব জানতে ইচ্ছা করে
আপনি যে সীতাকে দুর্বল চরিত্র এঁকেছিলেন 
তিনি কি সত্যিই দুর্বল ছিলেন??
স্বামী পরিত্যক্ত স্ত্রী হয়ে নির্জন বনবাসে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করেছেন যে রমণী 
যিনি নিজ সন্তানকে লালন পালন করেছিলেন স্বামীর সাহচর্য ছাড়া 
যিনি প্রবল পরাক্রমশালী লঙ্কা রাজের বন্দিনী হয়েও মেনে নেন নি অধীনতা 
সে নারী কি করে হয় দুর্বলা??
অথচ তাঁর পাতাল প্রবেশ কে আপনি দিয়েছিলেন অসহায়ত্বের তকমা? 
না মুনিবর ঠিক করেন নি আপনি 
আপনার কলম কি বোঝেনি জানকির পরিণতি আসলে গর্বিত প্রত্যাখ্যান ?
বুকভরা অভিমান নিয়ে প্রিয় পুরুষকে ছেড়ে যাওয়া, 
সেই পাতাল প্রবেশ কি হতে পারতো না এক নিঃশব্দ বিপ্লবের দলিল??
অথচ আড়াল করেছিলেন নারীর উদারতা।

আপনাদের দেখানো পথে চলছে আধুনিক যুগ 
এ যুগে সাহসীকা নারীর প্রতিবাদ, 
অন্যায়ের সঙ্গে আপোষ না করার দুর্দমনীয় মনোভাব 
ঢেকে যায় ধর্ষিতার অপবাদে 
লজ্জায় উচ্চারিত হয় না তার নাম 
কেন??
কেন??
জোর করে দমিয়ে রাখার চেষ্টা নারীকে??
দু চোখে স্বপ্ন নিয়ে অপেক্ষায় আছি 
এমন একটা বছরের এমন একটা দিনের
যেদিন হবে নারীর সঠিক মূল্যায়ন
নতুন বছর, তুমি যদি আসো 
সাথে করে এনো সমান মর্যাদা।