নববর্ষের অনুভূতি

  • অর্চনা মালাকার
  • ২০২৫-০৪-১৪ ১২:৪৩:৪৭
image

নববর্ষের শোভাযাত্রা আমাদের কী প্রয়োজন ভাই,
নতুন পোশাকে ওরা হাসিখুশি যাচ্ছে দেখছি যে তাই।
নুন আনতে পান্তা ফুরায়, 
তাদের কী আর নাচা-গাওয়া শোভা পায় ! 
খেটে খাওয়া মানুষ আমরা সবদিনই সমান,
নতুন পুরনো নাইরে বাঁচায় শুধু প্রাণ। 
আমাদের শ্রমে বিলাসীদের এত উপহার, 
ওরা নাকি সভ্য জাতি ওদের কীসের অহংকার ? 
ক্ষেতখামারে কাজ করে যোগায় সবার আহার 
তবু থাকে অনাহারে, ভেবেছে কেউ কী একবার !  

খেয়ে না খেয়ে ভালো থাকি,থাকি হাসি মুখে, 
আমাদেরই রক্ত চুষে ওরা থাকে মহাসুখে। 
 সবই বুঝি বলবো কিছু পায় না খুঁজে  ভাষা, 
স্বার্থের টানে খুনোখুনি এমনই ভালোবাসা। 
জোটে যা মা-বাবাকে সাথে নিয়ে ভাগ করে তা খাই,
ওদের ঘরের মা-বাবাদের শেষ জীবনে বৃদ্ধাশ্রমে ঠাঁই। 
বাইরে ঠাট বজায় রাখে ভেতরে সবই ফাঁকা, 
অনেক ভালো অনেক শান্তি আকাশ তলে থাকা।

ঢাকঢোল পিটিয়ে জানাজানির কীইবা প্রয়োজন, 
নিরালায় যেমন আছি তেমনি কাটুক জীবন।