ড্রাইভার

  • জয়ন্ত কোলে
  • ২০২৫-০৪-১৪ ০৩:০০:৩৭
image

ছুটছে বাস, ছুটছে ট্রাম, 
ছুটছে কতই গাড়ি ।
ছুটছে ট্রাক, ছুটছে ভ্যান, 
দিচ্ছে রে পথ পাড়ি ।

ছুটছে পথে ছুটছে বেগে, 
ছুটছে রে সম্মুখে ।
ছুটছে তবু,হাজার বিপদ 
ঝাঁপিয়ে পড়ে বুকে ।

ছুটছে কেউ পণ্য নিয়ে,
কারো বোঝায় যাত্রী ।
ছুটছে হরেক যানবাহন,
ছুটছে রে দিনরাত্রি ।

ছুটছে কেউ রোগী নিয়ে,
কারো গাড়ি বোঝায় দ্রব্যে 
ছুটছে যে যার লক্ষ্য নিয়ে,
তাদের সঠিক গন্তব্যে ।

দূর দূরান্তে ছুটছে কেউ,
ছুটছে সুদূর পথে ।
ছুটছে জীবন বাজি রেখে,
ছুটছে বাহন রথে ।

ছুটে সংকটে,ছুটে ক্রমাগত, 
যত দুর্গম করে ভেদ ।
স্টিয়ারিং হাতে হর্ন হুইসেলে,
লক্ষ্য করে গো ছেদ।

কারো বা পথেই রাত্রি ফুরায়,
সূর্যটাও মারে উঁকি ।
প্রাণটা থাকে মহা সংকটে ,
থাকে গো মৃত্যুর ঝুঁকি ।

দেহের ক্লান্তি পথেই হারায়,
সময়ে জোটে না আহার ।
নির্ঘুম চোখ-পেটের তাগিদে,
লক্ষ্যে দৃষ্টি তাহার ।

ওরা ছুটে তাই ব্যস্ত পৃথিবী, 
ছুটে রে হাজার চাকা। 
যাহা সকলের প্রতিদিনের, 
জীবনে থাকে গো মাখা ।

নিত্যদিনের জনজীবনের ,
রাস্তা করে গো পার ।
হাজার পথের সাক্ষী ওরা ,
ওরা যে গো ড্রাইভার।।