যদি পারো আবার নতুন করে গ্রহণ কর,
কাছে টানো-
পুরানো যত ভুল তা ভুলে গিয়ে।
আমি তো চেষ্টা করে গেছি যতোটা পেরেছি
বাকিটা তুমি দেখ মুছে দেওয়া যায় কি না কলহ।
বছরের শেষান্তে-
আসেনি যদিও আশা ভরা কোনো কথা-
শিশিরের পায়ে পায়ে আমার আঙিনায়,
সবুজ ঘাসের উপর একটি ফড়িং ছেড়ে দিও প্রতীকী
সেখানে পাঠিও তোমার উপস্থিতি।
আমার ক্ষুধিত রাত হয়ে যাবে ম্লান তোমার উজ্বলতায়-
যদি নিশ্চিত করো আগমন খুব ভোরে-
ঘাস ফুল লতা-পাতায়।
এই রক্তাক্ত জীবনের চিঠি তুমি এসে উড়িয়ে দিয়ে যাও,
সুধা দাও প্রাণে-
নতুন জোয়ারে তোমার নতুন কোনো গানে।