কুসুম সিকদার একাধারে একজন অভিনেত্রি, সঙ্গীতশিল্পী, মডেল ও লেখিকা।
প্রয়াত পরিচালক খালিদ মাহমুদ মিঠুর 'গহীনে শব্দ' চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রূপালি পর্দায় অভিষেক ঘটে তাঁর।
এক সময়ের টেলিভিশনের জনপ্রিয় মডেল ও দর্শক নন্দিত অভিনেত্রি কুসুম শিকদারের জন্মদিন আজ ১২ এপ্রিল।
শোবিজে এই অভিনেত্রি দেড় যুগ ধরে অবস্থান করছেন। একটা সময় টিভি নাটকে নিয়মিত ছিলেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন দর্শকপ্রিয় অনেক নাটক।
কিন্তু এ সময়ে আগের মতো অভিনয়ে নেই তিনি। এ অভিনেত্রিকে সর্বশেষ দেখা গেছে হানিফ সংকেতের ‘শেষ অশেষ’ শিরোনামের একটি নাটকে। তবে কোনো অভিমানে অভিনয় থেকে দূরে নন তিনি।নিতান্তই ব্যক্তিগত কারণে।
ছোট পর্দার বাইরে এ অভিনেত্রিকে দেখা গেছে বড় পর্দাতেও। তবে সেখানেও বর্তমানে তাঁর উপস্থিতি নেই। বড় পর্দায় সর্বশেষ গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ ছবিতে অভিনয় করেছেন তিনি।
গৌতম ঘোষ পরিচালিত ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনায় এই ছবি নির্মিত হয়েছে। এটিতে তিনি অভিনয় করেন কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে। দর্শকদের মধ্যে ছবিটি দারুণ সাড়া ফেলে। চলে আসেন লাইম লাইটে।
অভিনয়ের আগে কুসুমের সঙ্গীতে হাতেখড়ি হয়। ভালো নজরুলসঙ্গীত গাইতে পারেন তিনি।
২০১৭ সালে ‘নেশা' শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওর মধ্য দিয়ে তিনি গানে ফেরেন। মিউজিক ভিডিওটি প্রকাশের পর বিতর্কের মুখে পড়েন কুসুম। গানের কথা ও মিউজিক ভিডিওটিকে অশ্লীল বলে অনেকে মন্তব্য করেন।
এ অভিনেত্রির বর্তমান ব্যস্ততা পরিবারকে নিয়ে। এছাড়া লেখালেখিও করছেন কুসুম শিকদার। ইচ্ছে আছে ছোট গল্পের বই প্রকাশের। মসৃণ ও সমৃদ্ধ হোক তাঁর আগামির পথ চলা।
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা।