অ র্চ না মা লা কা র

  • লোভে পাপ পাপে মৃত্যু
  • ২০২৫-০৪-১১ ১৩:২১:২১
image

লোভ লালসা এই জীবনে বাড়ায় পরিতাপ, 
পাপে মৃত্যু লোভের বশে সৃষ্ট সকল পাপ।
অপকর্মের হোতা যে ভাই ভবের মিথ্যাচার, 
শুদ্ধাচারের প্রথম শর্ত মিথ্যা পরিহার। 

মানব রূপে জন্ম নিলেই হয় না সে মানুষ,
ভালোমন্দ বিচার করার না থাকিলে হুঁশ।
মানুষ হতে করতে হবে মনুষ্যত্ব অর্জন, 
অসত্য যা জীবন থেকে করো সব বর্জন।

যা ধারণ করে বেঁচে থাকা তাই যদি হয় ধর্ম,
বিবেকবুদ্ধি বিবেচনায় করো সৎ কর্ম। 
মৃত্যুর চিন্তা নিত্য করো অন্তত একবার , 
থাকবে না নিজেকে নিয়ে মিছে অহংকার। 

হিংসা বিদ্বেষ ভুলে বাড়িয়ে দাও দুটি হাত,
শান্তি সুখে রবে সবাই কাটবে আঁধার রাত।
নতুন সূর্য উঠবে হেসে আসবে সোনা ভোর, 
গাইবে পাখি মধুর স্বরে বাঁধলে প্রীতিডোর।