চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১০টি চোরাচালানকৃত ও অবৈধ ভারতীয় গরু জব্দ হয়েছে। বিজিবি জানায়, বৃহস্পতিবার(১০ এপ্রিল) ভোররাত পৌনে ৪ টার দিকে পাঁকা ইউনিয়নের চর পাঁকা সেতারপাড়া গ্রামে নিয়মিত টহল পরিচালনাকালে পদ্মা নদীর চর দিয়ে গবাদিপশু চোরাচালান হতে পারে মর্মে গোপন খবর পাওয়া যায়। খবর পেয়ে তৎক্ষনাৎ টহল দল এলাকায় নজরদারি বৃদ্ধি করে এবং সীমান্ত হতে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি আমবাগানের মধ্যে লুকিয়ে বেঁধে রাখা ১০টি মালিকবিহীন গরু খঁজে পায়।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গরুগুলো আটকের পর বিজিবি জানতে পারে, গরুগুলো অবৈধভাবে ভারত হতে এনে বিভিন্ন হাটে বিক্রির জন্য ওই বাগানে বেঁধে রাখা হয়েছিল।
৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মনির-উজ-জামান বলেন, গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ছাড়া ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আটকে কাজ শুরু করেছে বিজিবি।