সাংবাদিক রোকনুজ্জামান খান বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত লেখক ও সংগঠক। 'দাদাভাই' নামেই সর্বমহলে সম্যক পরিচিত ছিলেন তিনি।
জন্ম ৯ এপ্রিল ১৯২৫ সালে ফরিদপুর জেলার পাংশা উপজেলায়।
বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক ইত্তেফাকের শিশু-কিশোরদের উপযোগি 'কচিকাঁচার আসর' বিভাগের পরিচালক হিসেবে তিনি আমৃত্যু দায়িত্ব পালন করেছেন।
১৯৪৮ সালে আবুল মনসুর আহমদ সম্পাদিত 'ইত্তেহাদ' পত্রিকার 'মিতালী মজলিস' নামীয় শিশু বিভাগের দায়িত্ব লাভের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। এরপর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে শিশু সওগাত পত্রিকায় দায়িত্ব পালন করেন।
১৯৫২ সালে 'দৈনিক মিল্লাত' এর কিশোর দুনিয়া'র শিশু বিভাগের পরিচালক ছিলেন।
১৯৫৫ সালে 'দৈনিক ইত্তেফাক' পত্রিকায় তরুণ সাংবাদিক হিসেবে তিনি কাজ শুরু করেন।
তাঁর পরিচিতিতেই ছোটদের উপযোগি করে লিখতেন - সুফিয়া কামাল, ড. আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দিন, শওকত ওসমান, আহসান হাবীব, ফয়েজ আহমেদ, হোসনে আরা, নাসির আলী, হাবিবুর রহমানসহ বিখ্যাত অনেক লেখক।
১৯৫৬ সালে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় শিশু-কিশোর সংগঠন কচিকাঁচার মেলা প্রতিষ্ঠা করেন। সুলতানা কামাল, হাশেম খান, মাহবুব তালুকদার, স্থপতি রবিউল হোসাইন প্রমূখের মতো অনেক বিখ্যাত ব্যক্তিত্ব এর সদস্য ছিলেন।
“বাক বাক কুম পায়রা/মাথায় দিয়ে টায়রা/বউ সাজবে কাল কি/চড়বে সোনার পালকি" তাঁর অসামান্য শিশুতোষ ছড়া হিসেবে বিবেচিত হয়ে আসছে।
হাট্টিমাটিম টিম, খোকন খোকন ডাক পাড়ি, আজব হলেও গুজব নয় প্রভৃতি বই লিখেছেন দাদাভাই।
সম্পাদনা করেছেন - আমার প্রথম লেখা, ঝিকিমিকি, বার্ষিক কচি ও কাঁচা, ছোটদের আবৃত্তি ইত্যাদি পুস্তক।
শিশু সংগঠনে অসামান্য অবদান রাখায় রোকনুজ্জামান খান ২০০০ সালে স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন।
৩ ডিসেম্বর ১৯৯৯ সালে তিনি মৃত্যুবরণ করেন। শ্রদ্ধাঞ্জলি।