স্মরণ-এ বি এম মূসা সত্যের সন্ধানে নির্ভীক এক সাংবাদিক

  • মেসবা খান
  • ২০২৫-০৪-০৯ ১৪:৪৬:৩৭
image

এ বি এম মূসা দেশের একজন প্রখ্যাত সাংবাদিক।
তিনি একাধারে একজন সাংবাদিক, সম্পাদক ও কলামিস্ট। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দীর্ঘকাল ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজার্ভার এর বার্তা সম্পাদক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ও বাংলাদেশ সংবাদ সংস্থার মহাব্যবস্থাপক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুর আগ পর্যন্ত টানা ছয় দশক তিনি সাংবাদিকতা করে গেছেন। ১৯৭১ এ স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সরকারের নির্মোহ সমালোচনায় তিনি ছিলেন নির্ভীক ও সোচ্চার। তাঁর লেখনী ছিল ক্ষুরধার। তিনি আমৃত্যু সাধারণ মানুষের অধিকারের কথা বলেছেন। মৃত্যুর পূর্ববর্তী বছরগুলোতে তিনি টেলিভিশন টকশোতে গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলে জনপ্রিয়তা অর্জন করেন।
এ বি এম মূসার জন্ম ১৯৩১ সালের ২৮ ফেব্রুয়ারি ফেনীর ছাগলনাইয়া উপজেলার ধর্মপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে।
বাংলাদেশের সাংবাদিক মহলে মুসা ভাই বলে খ্যাত সর্বজন শ্রদ্ধেয় এবিএম মূসা ১৯৫০ সালে মাত্র ১৯ বছর বয়সে দৈনিক ইনসাফের মাধ্যমে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন। একই বছরে তিনি ইংরেজি দৈনিক পাকিস্তান অবজারভারে যোগ দেন।
১৯৭১ সাল পর্যন্ত তিনি পাকিস্তান অবজারভারে রিপোর্টার, স্পোর্টস রিপোর্টার, বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় সরকার পাকিস্তান অবজারভার বন্ধ করে দিলে তিনি সংবাদে যোগ দেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি মর্নিং নিউজ পত্রিকায় যোগ দিয়েছিলেন।
প্রায় এক বছরের জন্য পালন করেছেন দৈনিক যুগান্তরের সম্পাদকের দায়িত্ব।
তিনি জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি এই ক্লাবের আজীবন সদস্যও ছিলেন। তিনি চারবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বিবিসি, সানডে টাইমস প্রভৃতি পত্রিকার সংবাদদাতা হিসেবে রণাঙ্গন থেকে সংবাদ প্রেরণ করতেন এবিএম মূসা। স্বাধীনতার পর তিনি বিটিভির মহাব্যবস্থাপক, মর্নিং নিউজের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনীতি এবিএম মূসা'র পছন্দের বিষয় ছিল না। পাকিস্তান আমলে ১৯৭০ এর নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য তাঁকে বলা হয়েছিল তিনি বলেছিলেন, 'যদি কোনোদিন দেশ স্বাধীন হয়, তবেই নির্বাচনে দাঁড়াব— এখন নয়।'
দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের তদানিন্তন প্রধানমন্ত্রী শেখ মুজিবের আহবানে সাড়া দিয়ে তিনি ১৯৭৩ এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফেনী আসন থেকে প্রতিদ্বন্দিতা করেন এবং বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের একজন সদস্য নির্বাচিত হন।
১৯৭৫ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি আর রাজনীতিতে সক্রিয় হন নি, তবে আওয়ামী লীগের রাজনীতির প্রতি তাঁর অনুগ্রহ ছিল।
১৯৭৮ সালে এ বি এম মূসা ব্যাংককে অবস্থিত জাতিসংঘের পরিবেশ কার্যক্রমের (এসকাপ) এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে যোগ দেন।
এ বি এম মুসা মৃত্যুর পূর্ববর্তী বছরগুলোতে টেলিভিশন টকশোতে গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলে জনপ্রিয়তা অর্জন করেন। সরকার ও সরকারি দলের কর্মকাণ্ডের সমালোচনার জন্য তাঁকে অনেক গঞ্জনার শিকার হতে হয়।
তিনি 'মুজিব ভাই' নামের একটি বই রচনা করেন। ২০১২ সালে প্রকাশিত এই বইয়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাঁর র্দীঘদিনের ঘনিষ্ঠ সংশ্রবের বয়ান রয়েছে। মৃত্যুর অব্যবহিত পূর্ব বছর সমূহে তিনি একটি আত্মজীবনী রচনা করেছিলেন। এটি প্রথমা প্রকাশনী থেকে প্রকাশিত হয়।
৯ এপ্রিল ২০১৪ সালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শ্রদ্ধাঞ্জলি।
তথ্যসূত্রঃ 'দৈনিক যুগান্তর'