হে চিত্রকর !
কোন্ রঙ তুলিতে, তুমি বিষণ্নতাকে মূর্ত করে তোলো ?
সে রঙ কি আমাদের চেনা পৃথিবীর রঙ !
শঙ্খের শুভ্রতা, ঘাসফড়িঙের সজীবতা,
মরা নদীর ধূসরতা
শুধুই কি পান্ডুর বিবর্ণতা !
নাকি তোমার মননের সব রঙ গুলে
বিষণ্নতা সাজিয়ে তোলো থরে থরে।
হে কবি !
কথা দিয়ে সম্পর্কের সমীকরণ ছুঁতে পারো ?
নস্টালজিয়ার রোমান্টিসিজমই কি
তোমার নিঃস্ব সম্বল !
শব্দরা যদি জলের মতো নিচু হতো,
অন্ত:সলিলা বহমান নদী হতো তোমার মন।
অশ্রু নদীতে ভাসিয়ে দিতে তোমার কথাগুলো।
দিকভ্রান্ত নাবিক সেজে
ওরা যে যার ঠিকানায় পৌঁছে যেত।
এই চেনা পৃথিবীর বাইরে
অন্য অন্য পৃথিবী রচনা করতে তুমি।
শঙ্খধ্বনি, কাঁসরঘন্টা, আজানের সুর
আর তুলসী মঞ্চে জমে থাকা
ধুলো আর শ্যাওলায়
নিমজ্জনে হারাতে !
হারিয়ে যেতে দেবলোকের সুরের মূর্ছনায়।