জীবন আমাকে সময়ের মূল্য বুঝতে শিখিয়েছে ।
আমি হিসাব কষি।
মূল্যবান সময় তো সব হেলায় হারিয়ে ফেলেছি ।
তবে কি আমি সত্যি হিসাব বুঝি ?
আমি সময় কে ফাঁকি দিয়ে
নিজের দোষ ঢাকি ।
জীবন আমাকে আয়না দেখতে শিখিয়েছে ।
আমি সেই আয়নায় তোমার স্বরূপ দেখি, মুচকি হাসি ।
আয়না ঘোরাই নিজের দিকে, সামনা সামনি, মুখোমুখি ।
খুব অচেনা, খুব অজানা
মুখোশ বিহীন খুব কদাকার ।
আমি আঁতকে উঠি।
নিঃশব্দে কাঁদি
আর একটি রূপ খুব অসহায় ।
আমি সে আয়না ভাঙ্গি ।
নতুন করে আয়না খুঁজি।
তবে কি আমি নিজেই ঠকি ?
আমি আসলে আয়না ভেঙ্গে
নিজেকে আড়াল রাখি।
জীবন আমাকে বাঁচতে শিখিয়েছে ।
লড়াই করে টিকতে শিখিয়েছে ।
আমি রোজ লড়ি, রোজ মরি।
তবে কি আমি বাঁচতে শিখি ?
হ্যাঁ, আমি বাঁচার ইচ্ছায় লড়াই করি
বাঁচার ইচ্ছায় বাঁচতে শিখি ।।