মহামান্য হাইকোর্ট দেশের অন্যতম বড় শিল্প গ্রুপ- এস আলম গ্রুপের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ দুর্নীতি দমন কমিশনকে অনুসন্ধান করার নির্দেশ দিয়েছেন । একইসঙ্গে বাংলাদেশ ব্যাংক ও সিআইডিকে এ বিষয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশও দেন আদালত। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রোববার স্বপ্রণোদিত হয়ে রুলসহ এই নির্দেশ দেন।
এস আলম শিল্প গ্রুপের মালিক অবৈধভাবে বিদেশে অর্থ পাচার ও বিনিয়োগ করেছেন বলে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ আদালতের নজরে আসে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম সিঙ্গাপুর, সাইপ্রাস ও ব্রিটেনের ভার্জিন আইসল্যান্ডে কমপক্ষে এক বিলিয়ন বা একশ’ কোটি মার্কিন ডলারের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তরে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেয়া হয়নি।
রোববার হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ বিষয়ে রুল জারি করেন। এস আলম গ্রুপের মালিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠেকাতে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ ও সিআইডিকে তদন্ত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ১০ই জানুয়ারি পর্যন্ত দেশ থেকে ৪০ দশমিক এক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিদেশে বিনিয়োগের জন্য নেয়া হয়েছে। তবে, এই তালিকায় এস আলম গ্র“প নেই। অথচ ২০০৯ সালের পর সিঙ্গাপুরে এস আলম গ্রুপের দুটি হোটেল ও একটি বাণিজ্যিক স্পেস কেনা হয় ৪১১ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলারে। এছাড়া ব্রিটিশ ভার্জিন আইসল্যান্ড ও সাইপ্রাসে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান গড়েছে এবং সম্পদের মালিক হয়েছে এস আলম গ্রুপ।