কি ভাবছো দূরে গেছো? যেতে পেরেছো কি দূরে?
আলোকবর্ষ অতিক্রম করে অনুভব করি অস্তিত্ব
অস্থির বুকের পাঁজরে পাঁজরে রোমাঞ্চ জাগে তোমার কথা ভাবলে
সূর্য ওঠা স্নিগ্ধ সকাল মিষ্টি হাসির আভা ছড়িয়ে প্রথম দেখার আলপনা এঁকে দেয়,
উদাসী বিকেলে খোলা বারান্দায় বসে মন খারাপের গল্প লিখি
হঠাৎ একরাশ হাওয়া এসে চোখে মুখে শান্ত স্পর্শ দেয়
মনে হয় তুমি আশ্বস্ত করছো উপস্থিতির
তোমার ছোঁয়া টুকু বেশ অনুভব করতে পারি,
রাতের আকাশের দিকে তাকিয়ে দেখি স্থির কালপুরুষ
ঠিক তোমারই মতো
কোনো কালে কোনো নক্ষত্র তাকে স্থানচ্যুত করতে পারে না
বুক ভর্তি প্রশান্তি নিয়ে বালিশে মাথা রাখি
হাত বাড়িয়ে না পাওয়ার খানিক বেদনায় নোনা জলের স্রোত ভাসে সে,
সৃষ্টি হয় নদী
চির বহমান
চির প্রবহমান
আমি তখন চিৎকার করে বলি এইতো তুমি আছো, তুমি আছো 'ভালোবাসা'
সকাল থেকে রাত পর্যন্ত প্রবাহিত ধারার মতো,
স্নিগ্ধ সূর্যের মতো
স্থির কালপুরুষের মতো,
দিনের বিন্দুমাত্র সময় কাটে না তোমাকে ছাড়া
তুমি আছো ঠিক সেখানে
যেখানে শুধুই তোমার থাকার কথা
কোথাও শূন্যতা খুঁজে পেলাম না।