আওয়ামী লীগের কোন প্রভূ নেই, জনগণই আওয়ামী লীগের শক্তি-প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-০৬ ১১:০৪:৪৮
image

রোববার গণভবনে আওয়ামী লীগের তৃণমূল নেতা ও নির্বাচিত প্রতিনিধিদের সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের কোন প্রভূ নেই, জনগণই আওয়ামী লীগের শক্তি। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশে অবৈধভাবে ক্ষমতা দখলের পালা শুরু হয়। এখনও সেই ষড়যন্ত্র চলছে।শান্তি, মর্যাদা ও উন্নয়নের জন্য নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান আওয়ামী লীগ সভাপতি। 
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের খোলা মাঠে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা মহানগর, উপজেলা, থানা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকরা ও নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেন।
সভার শুরুতে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত চলছে। এবিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার কথা বলেন তিনি।
পরে আওয়ামী লগি সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও দেশের অগ্রযাত্রার কথা তুলে ধরে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন। বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালে দেশে ফেরার সময় থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, যা এখনো অব্যাহত আছে। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে গত ১৪ বছরে দেশের উন্নয়ন হয়েছে। মানুষ জানে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নযন হয়।
তিনি বলেন, আওয়ামী লীগ সুষ্ঠু ভোটে এবং গণতন্ত্রের বিশ্বাস করে। জনগণের শক্তিই আওয়ামী লীগের একমাত্র পুঁজি। 
যেকোনো প্রয়োজনে জনগণের পাশে থাকতে নেতা কর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা।
বিভেদ ভুলে দলকে সংগঠিত করতে তৃণমূল নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে তৃণমূল থেকে আসা নেতাদের কথা শোনেন আওয়ামী লীগ সভাপতি।